ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরের উদ্বোধনী রাতে থাকছে টিম বার্টন পরিচালিত ‘বিটলজুস বিটলজুস’। আগামী ২৮ আগস্ট প্রতিযোগিতার বাইরে এর প্রদর্শনী হবে। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ভৌতিক কমেডি ‘বিটলজুস’-এর এই বহুল কাঙ্ক্ষিত সিক্যুয়েলটিকে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচন করেছেন উৎসবের আয়োজকরা।
‘বিটলজুস বিটলজুস’ ছবিতে প্রধান চরিত্রে ফিরছেন মাইকেল কিটন। এছাড়া অভিনয় করেছেন উইনোনা রাইডার, ক্যাথেরিন ও’হারা, মনিকা বেলুচ্চি, উইলেম ড্যাফো ও জেনা ওর্তেগা। তারা সবাই প্রদর্শনীর আগে টিম বার্টনের সঙ্গে লালগালিচায় হাঁটবেন। তাদের মধ্যে জেনা ওর্তেগা সর্বশেষ নেটফ্লিক্সের ‘ওয়েডনেসডে’র প্রথম চার পর্বে টিম বার্টনের পরিচালনায় কাজ করেছেন।
ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক আলবের্তো বারবেরা বলেন, “আমরা ‘বিটলজুস বিটলজুস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার করার সুযোগ পেয়ে সম্মানিত ও গর্বিত।”
গত বছর হলিউডে অভিনয়শিল্পী ও গল্পকার-চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে হেভিওয়েট তারকাদের দেখা যায়নি ভেনিসের লালগালিচায়। তাই নিষ্প্রভ ছিল গোটা আয়োজন। তবে এবার উদ্বোধনী রাত থেকেই হলিউডের একঝাঁক তারকার সমাবেশ ঘটবে বলে আশা করা হচ্ছে।
ভেনিস চলচ্চিত্র উৎসবকে প্রতিবছর হলিউডের পুরস্কার মৌসুমের শুরু হিসেবে দেখা হয়। এতে নির্বাচিত ছবিগুলোর বেশিরভাগই অস্কারে ফেভারিট হয়ে থাকে।
আগামী ২৩ জুলাই এবারের আসরের পুরো অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হবে। জল্পনা চলছে, ওয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত ‘জোকার’-এর সিক্যুয়েল এবং জর্জ ক্লুনি ও ব্র্যাড পিট অভিনীত ‘উলফস’ নির্বাচিত তালিকায় থাকবে।
৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের আসনে বসবেন ফরাসি অভিনেত্রী ইজাবেল উপার। আজীবন সম্মাননায় ভূষিত হবেন তিনবার অস্কার মনোনীত আমেরিকান অভিনেত্রী সিগোর্নি উইভার ও অস্ট্রেলিয়ান পরিচালক পিটার ওয়্যার।
ইতালির লিদো দ্বীপে আগামী ২৮ আগস্ট শুরু হয়ে উৎসবটি চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্দে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ইতালিয়ান অভিনেত্রী এজভেভা আলভিতি।





