‘গ্ল্যাডিয়েটর টু’র ট্রেলারে হাঙ্গর ও গণ্ডারের আক্রমণ

জনি হক
জনি হক
১০ জুলাই ২০২৪, ১৬:১২আপডেট : ১০ জুলাই ২০২৪, ২০:৪৬

প্রাচীন রোমের কলোসিয়ামে রক্তক্ষয়ী জলযুদ্ধ, হাঙ্গর ও বিশাল আকৃতির গণ্ডারের আক্রমণসহ বেশ কয়েকটি রুদ্ধশ্বাস দৃশ্য নিয়ে প্রকাশিত হলো বহুল কাঙ্ক্ষিত চলচ্চিত্র ‘গ্ল্যাডিয়েটর টু’র ট্রেলার। এতে গ্ল্যাডিয়েটর (মল্লযোদ্ধা) লুসিয়াস চরিত্রে অভিনয় করেছেন আইরিশ তারকা পল মেসকাল। দুর্নীতিবাজ সাবেক সম্রাট কমোডাসের ভাতিজা হিসেবে উচ্চ মর্যাদা থাকা সত্ত্বেও গ্ল্যাডিয়েটরের ভূমিকায় প্রাণপণ লড়াই করতে হয় তাকে।

২০০০ সালে রিডলি স্কট পরিচালিত ‘গ্ল্যাডিয়েটর’ চলচ্চিত্রে সৈনিক থেকে গ্ল্যাডিয়েটরে পরিণত হওয়া ম্যাক্সিমাস চরিত্রে অনবদ্য নৈপুণ্যের জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কার জিতেছেন রাসেল ক্রো। ছবিটি মোট পাঁচটি অস্কার ঘরে তোলে। গ্ল্যাডিয়েটর লুসিয়াস চরিত্রে পল মেসকাল

দুই যুগ পর আসছে ‘গ্ল্যাডিয়েটর’-এর সিক্যুয়েল। এবারের ছবিটিও পরিচালনা করেছেন ব্রিটিশ নির্মাতা রিডলি স্কট। আগেরবার তিনি খরচ করেছেন ১০ কোটি ৩০ লাখ ডলার। আর এবারের পর্বের বাজেট ২৫-৩১ কোটি ডলার।

মঙ্গলবার (৯ জুলাই) প্রকাশিত ট্রেলারের শুরুতে দেখা যায়, লুসিয়াস শৈশবের স্মৃতি রোমন্থন করে। তখন পর্দায় ভেসে ওঠে কলোসিয়ামের রণক্ষেত্রে সাবেক রোমান কমান্ডার ম্যাক্সিমাস ও লুসিয়াসের চাচা কমোডাসের লড়াইয়ের দৃশ্য।

ওয়ার্ল্ড হিস্ট্রি এনসাইক্লোপিডিয়ার তথ্যানুযায়ী, গ্ল্যাডিয়েটোরিয়াল প্রতিযোগিতা ছিল ‘নৃশংস বিনোদন’, এর মাধ্যমে প্রাচীন রোমের অত্যাচারী সম্রাটরা নিজেদের প্রাচুর্য প্রদর্শনের সুযোগ নিতেন। তখন একসঙ্গে ৫০ হাজার দর্শক জীবন-মরণ খেলা উপভোগ করতো।

লুসিল্লা চরিত্রে ফিরছেন ডেনিশ অভিনেত্রী কনি নিলসেন কলোসিয়ামে শুধু সৈনিক নয়, বন্যপ্রাণীদের সঙ্গে লড়তে হতো গ্ল্যাডিয়েটরদের। আগের ছবিতে বাঘের মুখোমুখি হয়েছিল তারা। সিক্যুয়েলে লুসিয়াসের দিকে তেড়ে আসে একটি রাগী চেহারার গন্ডার। ট্রেলারে দেখা গেছে, তার রক্তমাখা শিংয়ের আঘাতে ছিটকে পড়ে লুসিয়াস। এছাড়া জলযুদ্ধে হাঙ্গরের মুখে পড়ে মল্লযোদ্ধারা।  

নতুন গল্প রোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী লুসিয়াসকে কেন্দ্র করে আবর্তিত। রোমের দূরবর্তী স্থান নুমিদিয়ায় স্ত্রী-সন্তান নিয়ে থাকে সে। তার বাড়িতে যমজ সম্রাট কারাকাল্লা ও গেতার নির্দেশে জেনারেল মার্কাস অ্যাকাসিয়াসের নেতৃত্বে রোমান সৈন্যরা আক্রমণ করে। তাকে ধরেবেঁধে এনে বন্দি হিসেবে রেখে দাসত্বে বাধ্য করা হয়। ম্যাক্সিমাসের বীরত্বে অনুপ্রাণিত হয়ে দুই তরুণ সম্রাটের শাসনের বিরোধিতা করে সে গ্ল্যাডিয়েটরে রূপ নেয়। মাক্রিনাসের উৎসাহে লড়াইয়ের জন্য প্রস্তুত হয় লুসিয়াস। 

ট্রেলারের শেষ দৃশ্যে পল মেসকাল ও পেড্রো পাসকালের লড়াই মাক্রিনাস চরিত্রে অভিনয় করেছেন ডেনজেল ওয়াশিংটন। বয়স্ক লোকটি মল্লযোদ্ধাদের পৃষ্ঠপোষক। আগের ছবিতে অলিভার রিড অভিনীত প্রক্সিমো যেমন ছিল। ট্রেলারেস লুসিয়াসকে মাক্রিনাস বলে, ‘তুমি হবে আমার অস্ত্র। তোমার ভেতরে থাকা রাগ হলো তোমার উপহার।’ মাক্রিনাস মূলত একজন অস্ত্র উৎপাদনকারী ও ব্যবসায়ী। ক্ষমতার পালাবদলে দালাল হিসেবে কাজ করে সে।

সিক্যুয়েলে দেখা যাবে, যমজ সম্রাট গেতা (জোসেফ কুইন) ও কারাকাল্লা (ফ্রেড হেশিংয়ার) দুর্নীতিগ্রস্ত। গ্ল্যাডিয়েটররা জলযুদ্ধে নিহত হলে পৈশাচিকভাবে হাসতে থাকে তারা।

আগের ছবির মতোই সিক্যুয়েলে লুসিয়াসের মা লুসিল্লা চরিত্রে অভিনয় করেছেন ডেনিস অভিনেত্রী কনি নিলসেন। তবে ট্রেলারে লুসিয়াসকে বলতে শোনা গেছে, সে জানে না কারা তার মা-বাবা। যদিও একটি দৃশ্যে দেখা যায়, ম্যাক্সিমাসের রেখে যাওয়া একটি আংটি লুসিয়াসকে দিচ্ছে কমোডাসের বোন লুসিল্লা। ধারণা করা হচ্ছে, তখন লুসিয়াসকে তার বাবা হিসেবে ম্যাক্সিমাসের নাম জানিয়ে দেবে সে।

গ্ল্যাডিয়েটরদের পৃষ্ঠপোষক মাক্রিনাস চরিত্রে ডেনজেল ওয়াশিংটন জেনারেল মার্কাস অ্যাকাসিয়াস চরিত্রে অভিনয় করেছেন চিলিয়ান-আমেরিকান তারকা পেড্রো পাসকাল। ম্যাক্সিমাসের তত্ত্বাবধানে জুনিয়র অফিসার হিসেবে প্রশিক্ষণ নিয়েছিল সে। যদিও আগের ছবিতে তার চরিত্র দেখা যায়নি।

রণক্ষেত্রে লুসিয়াস ও মার্কাসের লড়াইয়ের দৃশ্য দিয়ে শেষ হয় নতুন পর্বের ট্রেলার। এতে ব্যবহার হয়েছে ২০১২ সালে প্রকাশিত জে-জি ও কানিয়ে ওয়েস্টের ‘নো চার্চ ইন দ্য ওয়াইল্ড’ গানটি। কোরাস গেয়েছেন ফ্রাঙ্ক ওশান ও দ্য-ড্রিম।

কলোসিয়াম পরিণত হয় রক্তক্ষয়ী জলযুদ্ধ ক্ষেত্রে আগের ছবির মতোই সিক্যুয়েলে প্রাচীন রোমে ক্ষমতাকে কেন্দ্র করে শাসকদের দুর্নীতি, ষড়যন্ত্র ও গ্ল্যাডিয়েটরদের প্রতিশোধপরায়ণ মনোভাব দেখা যাওয়ার আভাস মিলেছে। রোমান সাম্রাজ্য ও এর রাজনীতির পটভূমিতে গ্ল্যাডিয়েটরদের ফেরার মধ্য দিয়ে দর্শকরা ভরপুর রুদ্ধশ্বাস অ্যাকশন উপভোগের সুযোগ পাবেন বলা যায়। 

প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় আগামী ১৫ নভেম্বর যুক্তরাজ্যে ও ২২ নভেম্বর উত্তর আমেরিকায় মুক্তি পাবে ‘গ্ল্যাডিয়েটর টু’। ‘গ্ল্যাডিয়েটর টু’র চিত্রনাট্য লিখেছেন ডেভিড স্কারপা। তার সঙ্গে মিলে গল্প সাজিয়েছেন পিটার ক্রেগ। আগের ছবির গল্প লিখেছেন ডেভিড ফ্রাঞ্জোনি। শুটিংয়ে রিডলি স্কট ও পল মেসকাল

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প