জনগণের চাপে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্যবিরোধী কোটা আন্দোলন জোরদারের পরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের একদফা দাবির জেরে ৫ আগস্ট টানা ১৬ বছরের সরকারের পতন ঘটে তাসের ঘরের মতো।
সোমবার (৫ আগস্ট) দুপুরের পর থেকে সারাদেশে উল্লাসে ফেটে পড়ে দেশের মানুষ। প্রায় একমাস ধরে চলতে থাকা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে আগেই সংহতি জানিয়েছেন ঢাকার শীর্ষ নায়ক শাকিব খান। ফলে শেখ হাসিনার সরকার পতনের পর তার পক্ষ থেকে প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন ভক্তরা।
জানিয়েছেনও বটে। তবে বাস্তবতার নিরিখে। সরকার পতনে উল্লাস নয়, শাকিব খানের বার্তায় ছিলো সচেতনতা।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নায়কের সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া বার্তায় বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়।’
‘এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে- সবার আগে দেশ, মানুষ, ভাবমূর্তি এবং দেশের সম্পদ।’ যোগ করলেন মিস্টার ‘রাজকুমার’।
সবশেষে শাকিব লিখেছেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে- আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।’
শাকিব খানের শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘তুফান’। যা সুপারহিট তকমা পেয়েছে। যদিও আন্দোলনের প্রভাবে ছবিটি মেগাহিটের পথে আগাতে পারেনি। শিগগিরই মুক্তির কথা রয়েছে তার নতুন ছবি ‘দরদ’।








