টানা ১৪ বছর পর ঢাকায় নেমে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’ ঘোষণা দিয়েছে তাদের নতুন অ্যালবামের। অ্যালবামটির ঘোষণা এই জন্য বিশেষ, কারণ গত ১০ বছর ব্যান্ডের কোনও অ্যালবাম প্রকাশ হয়নি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় নামেন ‘জাল’ সদস্যরা। এদিন সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন দলের ভোকাল গওহর মুমতাজ।
তিনি জানান, নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে ‘বারিশ’।
গওহর মুমতাজ বলেন, ‘‘বারিশ’ জালের নতুন অ্যালবাম, এটি আসছে ১০ বছর পর। এখানে এসে সেই অ্যালবামের নাম ঘোষণা করলাম। পরেরবার যখন ঢাকায় আসব, তখন ‘বারিশ’র গান শোনাবো আপনাদের।’’
‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ নামের কনসার্টে অংশ নেওয়ার জন্য জাল সদস্যরা এলো ঢাকায়। ২৭ সেপ্টেম্বর, আজ কনসার্টটি পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় অনুষ্ঠিত হবে।
‘জাল’ ব্যান্ডের ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন হবে এই কনসার্টের মাধ্যমে। এতে আরও গাইবে বাংলাদেশের ব্যান্ড ভাইকিংস ও অর্থহীন। একই সঙ্গে ভাইকিংস ব্যান্ডের ২৭ বছর পূর্তি উদযাপন করা হবে এই কনসার্টে।
সংবাদ সম্মেলনে ভাইকিংস ব্যান্ডের প্রধান তন্ময় তানসেন বলেন, ‘একটা ব্যান্ডের ২৭ বছর (ভাইকিংস ব্যান্ডের) পার করাটা বিশাল ব্যাপার। আমাদের আয়োজন ভিন্ন, প্রস্তুতি ভিন্ন, আমরা খুব এক্সাইটেড।’
শুক্রবারের এই কনসার্টের মাধ্যমে দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অর্থহীন ব্যান্ডের ভোকাল সুমন (বেসবাবা সুমন)। তার ফেরা প্রসঙ্গে অর্থহীন ব্যান্ডের সদস্য মার্ক বলেন, ‘ব্যাক করাটা ওনার (সুমন) কাছে একটা বড় প্রেশার হয়ে যাচ্ছে। তবে তিনি এখন ভালো আছেন। আমরা কনসার্টটি নিয়ে অনেক এক্সাইটেড, কারণ এটা আমাদের কামব্যাক কনসার্ট।’




