আজ দরজা খুলছে নাট্যশালার: যে বার্তা দিলেন মহাপরিচালক

বিনোদন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৪, ০০:০৩আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০০:০৩

দুই মাসেরও বেশি সময় ধরে আলো জ্বলেনি জাতীয় নাট্যশালার, বন্ধ ছিল দরজা। সেই অন্ধকার সময় পেরিয়ে শুক্রবার (১১ অক্টোবর) থেকে ফের আলো জ্বলতে যাচ্ছে। শিল্পী-কুশলী আর দর্শক সমাগমে আবারও প্রাণ ফিরবে দেশের প্রধান সাংস্কৃতিক কেন্দ্রে। এমন আনন্দ খবরে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাষ্ট্রের এক ইতিবাচক পালাবদলের প্রেক্ষাপটে অনিচ্ছাকৃত বিরতির পর নতুন করে নাট্য-শিল্পচর্চার দ্বার উন্মুক্ত করছে। এই শুভক্ষণে অংশীজনদের সবাইকে আমি অভিবাদন ও শুভেচ্ছায় সিক্ত করতে চাই।’

পাশাপাশি তিনি সবাইকে আহ্বান জানান এই বলে, ‘এমন শিল্পচর্চা করুন, যাতে বাংলাদেশ রাষ্ট্রকে হাজার মালভূমির বৈচিত্র্যে ভরপুর এক সৃষ্টিশীল সাংস্কৃতিক-রাজনৈতিক জনপদরূপে আমরা কল্পনা করতে পারি।’

মহান মুক্তিযুদ্ধ এবং ছাত্র-জনতার সাম্প্রতিক বিপ্লবের বিষয়টি সামনে এনে এই নাট্যজন আরও বলেন, ‘১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে যে বহুত্ববাদী সাংস্কৃতিক আত্মার স্বর আমরা শুনতে পাই, তার ভিত্তিতে, একক কোনও দলীয় বয়ানের বিপরীতে, ভয়হীন প্রশ্ন জাগানিয়া মুক্ত চিন্তা ও কল্পনার সাংস্কৃতিক চর্চাকে বেগবান করুন। বহু বৈচিত্র্যময় শিল্পকলা চর্চার মাধ্যমে একটি শক্তিশালী সিভিল সোসাইটি গড়ে তুলুন, যারা সকল প্রকার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সকল সময়ে শিল্পের ভাষায় আপামর জনগণের হৃৎস্পন্দনকে তুলে ধরবে।’

এদিকে শিল্পকলার জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হবে বাংলাদেশ থিয়েটারের নাটক ‘সী মোরগ’। মূলত এই মঞ্চায়নের মধ্য দিয়েই দ্বার খুলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির। 

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিল্পকলা একাডেমিতে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই কিছু নির্দেশনা অনুসরণ সাপেক্ষে শুক্রবার (১১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে মঞ্চায়ন।

বাংলাদেশ থিয়েটারের ৬ষ্ঠ প্রযোজনা ‘সী মোরগ’ দর্শক নন্দিত এক ব্যতিক্রমী হাসির নাটক। এটি রচনা করেছেন আসাদুল্লাহ ফারাজী এবং নির্দেশনা দিয়েছেন হুমায়ূন কবীর। শনিবার ১২ অক্টোবর একই সময়ে মঞ্চস্থ হবে আরণ্যকের ‘ময়ূর সিংহাসন’।

এদিকে পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু নতুন নির্দেশনা দিয়েছে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। এরমধ্যে রয়েছে, জাতীয় নাট্যশালার মূল হল, নাটক মঞ্চায়নের জন্য বিবেচ্য নাট্যদলকে ১ শিফটে একটি প্রদর্শনী করার জন্য বরাদ্দ দেয়া হবে। মিলনায়তন বরাদ্দ চূড়ান্ত করার সময় বরাদ্দপ্রাপ্ত দলকে অবশ্যই তাদের উপস্থিত সদস্যবৃন্দের তালিকা সংগঠনের প্যাডে লিখিতভাবে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দফতর কক্ষে জমা প্রদান করতে হবে। উক্ত তালিকা মিলনায়তন ব্যবহারের নির্ধারিত দিনে সকল গেটে প্রবেশ নিয়ন্ত্রণের জন্য সরবরাহ করা হবে। জাতীয় নাট্যশালার মূল গেটে দর্শক প্রবেশের জন্য নাটক প্রদর্শনীর ২ ঘণ্টা পূর্বে খুলে দেওয়া হবে। হল বরাদ্দ ব্যতীত জাতীয় নাট্যশালার মূল গেট খোলা হবে না।

‘সী মোরগ’ নাটকের একটি দৃশ্য নির্দেশনায় আরও রয়েছে, জাতীয় নাট্যশালার মূল হলে যেসব সংগঠন/দল নাটক মঞ্চায়ন করবে, ২টি মহড়া কক্ষ অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। মিলনায়তন ব্যবহারকারী নাট্যদল মহড়া কক্ষ ব্যবহার করতে না চাইলে, অন্যদলকে কেবল নাটকের মহড়ার জন্য বরাদ্দ দেওয়া হবে। সেক্ষেত্রে বরাদ্দপ্রাপ্ত দলকে অবশ্যই সদস্যবৃন্দের তালিকা সংগঠনের নিজস্ব প্যাডে লিখিতভাবে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দফতর কক্ষে প্রদান করতে হবে। মূল গেট দিয়ে কেবল বরাদ্দ প্রাপ্ত সংগঠনের সদস্য, মহড়াকক্ষ ব্যবহারকারী সংগঠনের সদস্য, শিল্পকলা একাডেমির স্টাফ, সেনাসদস্য এবং টিকিট/আমন্ত্রণপত্র প্রদর্শনী সাপেক্ষে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। কোনোক্রমেই টিকিট/আমন্ত্রণপত্র/দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। সাংবাদিকগণ অফিস পরিচয়পত্র প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন। জাতীয় নাট্যশালার মূল হল ও মহড়া কক্ষ ব্যবহারকারী নাট্যকর্মী, সাংবাদিক ও টিকিট/আমন্ত্রণপত্রধারী দর্শনার্থীদের যানবাহন নির্ধারিত সময়ে নাট্যশালার নিচতলার পার্কিং ব্যতীত অন্য কোথাও পার্কিং করা যাবে না।

জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল ব্যবহারের জন্য নাট্যসংগঠনগুলো অনলাইনে আবেদন করতে পারবেন।

/এসএস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প