স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগীতযোদ্ধা সুজেয় শ্যামের শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজধানীর একটি সরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন তিনি। তবে শিগগিরই তাকে আইসিইউ-তে স্থানান্তর করা হবে।
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন সুজেয় শ্যামের মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম।
বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে রুপা বলেন, ‘বাবার অবস্থা ক্রিটিক্যাল। ওনাকে খুব দ্রুতই আইসিইউ-তে নেওয়া হবে।’
দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছেন সুজেয় শ্যাম। সম্প্রতি তাঁর হৃদযন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, পেসমেকার লাগানোর ফলে সেখানে ইনফেকশন হয়েছে, যা এখন রক্তে ছড়িয়ে পড়েছে। এছাড়া ডায়বেটিসও অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যাও রয়েছে।
শ্যামকন্যা রুপা বলেন, ‘নানাবিধ অসুখের কারণে বাবার ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হচ্ছে ডাক্তারদের। তবে তারা আপ্রাণ চেষ্টা করছেন। সবমিলিয়ে বাবার অবস্থা ক্রমেই অবনতির দিকে।’
বলা দরকার, একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। গানটির প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়।
সুজেয় শ্যামের সুর করা অন্য গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য।




