কিংবদন্তি ব্যান্ডশিল্পী ফোয়াদ নাসের বাবু। ১৯৭৬ সালে যাত্রা করে তার ব্যান্ড ফিডব্যাক। বাবুর নির্দেশনায় এবং সৃষ্টিশীলতায় যা আজও অব্যাহত রয়েছে। মাঝে দলটি জন্ম দিয়েছে অসংখ্য কালজয়ী গান। ব্যান্ড ক্যারিয়ারের পাশাপাশি ফোয়াদ নাসের বাবু সংগীত প্রযোজক, পরিচালক, পিয়ানো বাদক হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন। তবে কণ্ঠশিল্পী হিসেবে তাকে খুব একটা পাওয়া যায়নি। ব্যান্ডের অ্যালবামগুলোতে অল্প কটি গানে কণ্ঠ দিয়েছেন।
নতুন খবর হলো, দীর্ঘ সংগীত জীবন পেরিয়ে এবারই প্রথম তিনি একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। নিজের সুর-সঙ্গীতে নিজেই কণ্ঠ দিয়েছেন ‘ভালবাসা ব্যথা পেলে’ শিরোনামের গানে। এতে তার সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন সাঈদা শম্পা। গানটি লিখেছেন গোলাম মোর্শেদ।
গান জানালা নামের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ হচ্ছে গানটি।
ফোয়াদ নাসের বাবু বলেন, ‘ব্যান্ডের কিছু অ্যালবামে আমার কয়েকটি গান আছে। সেটি সংখ্যা হিসেবে বেশি না। কিন্তু কখনও দ্বৈত গান করা হয়নি। এবারই প্রথম এমন একটি গান করেছি। তাও আবার নিজের সুর ও সংগীতে। জানিনা শ্রোতারা কিভাবে নেবে গানটি। তবে আমার সঙ্গে শম্পা ভালো গেয়েছেন।’
গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, ‘এটি একটি ইতিহাস হয়ে থাকবে। এত সুদীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার বাবু ভাই আমার লেখায় দ্বৈত গান করেছেন। এটি আমার জন্য সত্যি আনন্দের বলতে পারি।’




