দক্ষিণ ভারতের আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি ব্লকবাস্টার হয়েছিল। এর দ্বিতীয় কিস্তি দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক। সেই ধারাবাহিকতায় ৫০০ কোটি রুপি বাজেটে তৈরি করা হয়েছে ‘পুষ্পা টু’।
তথ্য ছিলো, ছবিটি একসঙ্গে মুক্তি পাচ্ছে বাংলাদেশেও। এরমধ্যে মুক্তির তারিখ ৫ ডিসেম্বর চূড়ান্ত হলেও, সেটি যে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না, সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশের আমদানি-রফতানি প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কয়েক মাস আগে ‘পুষ্পা ২—দ্য রুল’ বাংলাদেশে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে দর্শক দেখার জন্য মুখিয়ে ছিলেন।
তবে এখন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলছেন, ‘দরদ’ সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় ‘পুষ্পা’ আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান। অন্য কেউ আমদানি করবে বলেও মনে করছেন না তিনি।
এদিকে ভারতীয় সিনেমা আমদানি করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়াও। তবে ‘পুষ্পা ২—দ্য রুল’ তারা আনবে না, নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ।
দুই সপ্তাহ আগে দ্য অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের ‘স্ত্রী ২’। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও ‘পুষ্পা ২—দ্য রুল’ আমদানির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।
সব মিলিয়ে আলোচিত ছবিটির জন্য দেশের দর্শকরা মুখিয়ে থাকলেও, মুক্তির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে এখন।




