গ্রাম থেকে উঠে আসা এক নারী ক্রিকেটারের উত্থানের গল্প বলার চ্যালেঞ্জ নিয়ে ঠিক চার বছর আগে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছিলো ‘মাশরাফি জুনিয়র’। ২৮ নভেম্বর সেটি পূর্ণ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক।
যা বাংলা টিভি ধারাবাহিকের ইতিহাসে নতুন রেকর্ডও বটে। শুধু পর্ব সংখ্যা না, দীর্ঘ সময় ধারাবাহিকভাবে প্রচারের কৃতিত্ব ধরে রেখেছে দেশের সবচেয়ে দীর্ঘতম এই নাটক।
নব্বই দশকের জনপ্রিয় ধারাবাহিকগুলো নিয়ে নস্টালজিয়ায় ভোগা দর্শক অবিশ্বাস্যভাবে শুরু থেকে এখনও পর্যন্ত আছে ‘মাশরাফি জুনিয়র’র সাথে আছেন। জানালেন নির্মাতা সাজ্জাদ সুমন। ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ বলতে বলতে মণি, আয়ান, রুনা, দিলারাদের সাথে দর্শকের এই মধুর সম্পর্ক কি আরও দীর্ঘ হবে!
ভাইকে কথা দিয়ে ক্রিকেটার হবার স্বপ্ন নিয়ে বন্ধু আয়ানের হাত ধরে শহরে আসা মণির জীবন থেকে হারাতে বসেছে বন্ধু আর ক্রিকেট দুইটাই। বন্ধু আয়ানকে বিয়ের পর রুনা বাধা হয়ে দাঁড়িয়েছিলো মণির পথে, সেই এখন মণিকে এগিয়ে দিচ্ছে জাতীয় দলে খেলার জন্য। তবে মণিকে জাতীয় নারী ক্রিকেট দলে দেখাতে দর্শকের যে আকাঙ্ক্ষা, তা আরও দীর্ঘ হচ্ছে একের পর এক জটিলতা আর মণির সংগ্রাম করে পথচলার জন্য। জুয়াড়িদের চক্রান্ত আর বোর্ডের কঠিন ফিটনেস পরীক্ষায় উতরে মণি আবারও এগিয়ে যেতে চায় জাতীয় দলে খেলার সুযোগ করে নিতে। সে লাল সবুজের জার্সি শেষপর্যন্ত গায়ে জড়াতে পারবে কী না- এমনই এক দ্বিধা নিয়ে দর্শকরা অপেক্ষা করছেন ১২০০তম পর্বের দিকে।
পরিচালক সাজ্জাদ সুমন বলেন, ‘‘১২০০ পর্ব প্রচার করতে যাচ্ছি আমরা। এটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইলফলক! প্রায় ৫ বছর ধরে একটা মেগা সিরিয়ালকে টেনে আনা সহজ কাজ ছিলো না। যেখানে বাংলাদেশে সফল ভাবে ২০০ পর্ব করাই কঠিন কাজ। কিন্তু বড় ধারাবাহিক চাইলে সম্ভব এটা ‘মাশরাফি জুনিয়রই’ প্রমাণ!’’
আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’-এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকের লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার।
নাটকটির মণি চরিত্রে সাফানা নমনি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, সোহেল তৌফিক, মিতুল রহমান, মাইশা মাশফিকা তানিশা, জুয়েল জহুর, একে আজাদ সেতু, আজিজুন মিম, শেহজাদ ওমর, রুবাইয়া এশাসহ আরও অনেকে।
প্রতিদিন রাত ৮টায় দীপ্ত টিভিতে প্রচারের আগেই ‘মাশরাফি জুনিয়র’-এর নতুন পর্ব উন্মুক্ত হচ্ছে দীপ্ত প্লেতে, সাথে ইউটিউব আর ফেসবুকে থাকছে আগের মতোই।




