সিঙ্গেল জীবনকে ছুটি দিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী তানজিকা আমিন। বর অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বসুনিয়া। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার বেইলি রোডে তানজিকাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। খবরটি নিশ্চিত করেছেন তানজিকা নিজেই।
তানজিকা জানান, ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তার পরিচয়। এরপর নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।
বিয়ে প্রসঙ্গে তানজিকা বলেন, ‘আমি কখনও ভাবিনি যে জীবনে সিঙ্গেল থাকব। সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য এটা সঠিক সময় নয়। এবার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছি। তাই বিয়ের সিদ্ধান্ত না নিয়ে পারিনি।’
হুট করে বিয়ের কাজ সেরে ফেললেও এ মাসের মধ্যেই বিবাহোত্তর আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়েছে তানজিকার।
বলা দরকার, এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এক যুগ আগে অভিনেত্রী বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তাদের সেই দাম্পত্য সম্পর্ক বেশ আগেই চুকেছে।





