বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এনটিভিতে আবারও শুরু হতে যাচ্ছে কমেডি রিয়্যালিটি শো ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’-এর সিজন সাত। ১২ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।
এবারের আয়োজনের বিচারক হিসেবে আছেন চিত্রনায়ক আমিন খান, অভিনেতা তুষার খান ও শবনম ফারিয়া। জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার যৌথ পরিচালনায় অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে আছেন জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি।
এনটিভির সহকারী ব্যবস্থাপক (অনুষ্ঠান ও যোগাযোগ) মোঃ সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে দেশের ৭টি প্রধান বিভাগীয় শহরে অডিশন রাউন্ড শুরু হয়। পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগ থেকে মোট ৪৫ জন প্রতিযোগীকে বাছাই করা হয়।
মূলত এই ৪৫ জন প্রতিযোগীকে নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানের মূল পর্বগুলো। এখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত ৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।




