ফারুকীর প্রিমিয়ারে এসে যা বললেন দুই তরুণ উপদেষ্টা

বিনোদন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৪, ১১:৪১আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২০:৩২

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমার প্রিমিয়ার। তাতে অন্য উপদেষ্টাদের উপস্থিতি থাকবে না, তা কি হয়! হয়েছেও তাই। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মহাখালীর মাল্টিপ্লেক্সে আয়োজিত প্রিমিয়ারে দর্শক সারিতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টাকে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দুজনেই পুরো সিনেমাটি মনোযোগ দিয়ে দেখেছেন।

শো শুরুর আগে সিনেমাটি নিয়ে কথা বলেছেন দুই উপদেষ্টা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘‘শুরু থেকেই আমাদের লড়াই চলছিল। আমরা সবেমাত্র সেই লড়াইয়ের একটা ধাপ পার করলাম। মাঠের লড়াইটা সাময়িক সময়ের। কিন্তু যেটা দীর্ঘমেয়াদি ও সর্বজনীন, সেটি হলো সাংস্কৃতিক লড়াই। এই লড়াই ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি তার এই সিনেমাটি পূর্বের ‘৪২০’ নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে। আমাদের আগামীর সর্বজনীন সাংস্কৃতিক লড়াইয়ে ফারুকী ভাই আরও অবদান রাখবেন।’’ 

এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘একজন শিল্পী, নির্মাতা, সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেনি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা। সেই কাজটাই করেছেন ফারুকী ভাই। আমরা রাজনৈতিক একটা লড়াইয়ের মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনও চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িতে তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করুন।’

এর আগে নির্মাতা ফারুকী বলেন, ‘এটি রাজনৈতিক বিদ্রূপধর্মী একটি সিনেমা। এটা নির্মাণ করেছি গেলো বছরের নভেম্বর মাসে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে। ছবিটা যারা দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন নির্মাণের সময় আমরা কতটা আতঙ্কের মধ্যে ছিলাম। সে সময় সাবেক প্রধানমন্ত্রীর লোকেরা আমাদের সবসময় পাহারায় রেখেছে। প্রতিদিন রাতে আমি ভাবতাম, কখন যে আমাকে ধরে ফেলে। এমনকি নওগাঁয় ডিসি অফিসের শুটিংয়ের সময়ও তারা আমাদের ঝামেলায় ফেলতে চেয়েছে। অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে, এটাই আশার কথা।’

এদিন প্রিমিয়ার শোতে আরও ছিলেন ‘৮৪০’ সিনেমার অভিনেতা নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতউল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাতা রায়হান রাফী, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, শঙ্খ দাশগুপ্ত, অভিনেত্রী তাসনিয়া ফারিণ, কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা, জেফার রহমানসহ অনেকে।

‘৮৪০’ সিনেমাটি নির্মিত হয়েছে ১৬ বছর আগে সুপারহিট ‘৪২০’ নাটকের সূত্র ধরে। ‘৮৪০’ মুক্তি পাচ্ছে ১৩ ডিসেম্বর।

সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে থাকছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেকআপ ছিলেন মো. খাইরুল ইসলাম।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প