ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঢাকাসহ চার বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ এক দিন পিছিয়ে শুক্রবারের (১১ এপ্রিল) পরিবর্তে শনিবার (১২ এপ্রিল) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের প্রথিতযশা শিল্পীদের অংশগ্রহণে এ ‘স্বাধীনতা কনসার্ট’ ঢাকার মানিক মিয়া এভিনিউ, বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি জানান, ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ১১ এপ্রিল প্রতিবাদ মিছিলে সবাই অংশ নেবেন। তাই ১২ এপ্রিল শনিবার এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সকল কর্মসূচিতে সংহতি প্রকাশ করছি।’
স্বাধীনতার এই কনসার্ট শুরু হবে আগামী ১২ এপ্রিল, বিকাল তিনটায়, চলবে রাত ১১টা পর্যন্ত।
ঢাকার কনসার্টে থাকবেন যেসব শিল্পীরা তারা হচ্ছেন— জেমস্, ফিড ব্যাক, শিরোনামহীন, পাওয়ার সার্চ, অ্যাফিক, আফটার ম্যাথ, প্রিতম, জেফার, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম ও মিফতা জামান।
চট্টগ্রাম ভেন্যুতে থাকবেন— মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকন্সাস, বে অব বেঙ্গল, তীরন্দাজ, মেট্রিক্যাল, কিরণ দাস, নাটাই, এমরান, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু এবং ঋতুরাজ।
বগুড়ার কনসার্টে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, মিজান, এমএনবি, ভাইকিংস, বাগধারা, হৃদয় খান, বেবী নাজনীন, খুরশীদ আলম, কনকচাঁপা, আলম আরা মিনু, কমিয়া, ইয়ামিক, লুইপা, কেজেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব ও মাহিন।
খুলনা কনসার্টে থাকবেন— ওয়ারফেইজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, বাংলা ফাইভ, কুঁড়ে ঘর, বিবর্তন, আসিফ আকবর, বালাম, তাহসান খান, মুনির খান, কণা, নাসির, জয় শাহরিয়ার, টুনটুন বাবুল, রুখসার রহমান, লিজা ও পলাশ।
এর পাশাপাশি এসব কনসার্টে আঞ্চলিক গান, কবিতাপাঠ, কৌতুক-যোগ পরিবেশিত হবে বলে জানান শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।





