৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে ৮ আগস্ট রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘জয়া’।
নাটকটির রচনা ও পরিচালনায় শুভাশিস সিনহা।
গল্পে দেখা যাবে, শহরে বড় হওয়া মণিপুরি মেয়ে জয়া একদিন মৃত্যুপথযাত্রী মায়ের কাছে জানতে পারে, তার বিস্ময়কর আত্মপরিচয়। সেই পরিচয় আর শেকড়ের সন্ধানে জয়া একদিন রওয়ানা হয় মণিপুরি পাড়ায়। আবিষ্কার করে পালাকার কানাইকে, প্রকাশ হতে থাকে এক বিষাদ ও মায়ামাখা জীবনের ছবি। বলা না-বলার গোপন বেদনায় বিহ্বল জয়া।
এমনই গল্প নিয়ে নির্মিত নাটকটিতে জয়ার ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
পালাকার কানাইয়ের ভূমিকায় গৌরহরি চ্যাটার্জী। এছাড়াও আছেন নির্মল কুমার সিনহা, অঞ্জনা সিনহা, সজলকান্তি সিংহ, স্বর্ণালী শর্মা, চয়ন, সমরজিৎ, শাশ্বতী সহ মণিপুরি থিয়েটার ও মণিপুরি সম্প্রদায়ের একঝাঁক অভিনয়শিল্পী।
চিত্রগ্রাহক আবিদ মল্লিক, প্রযোজক উত্তম কুমার সিংহ, শিল্প নির্দেশক সজলকান্তি সিংহ, সংগীতে শর্মিলা সিনহা, সম্পাদনায় ফয়সাল নিপুণ, সহকারী পরিচালনায় জন উইলিয়াম।
প্রযোজনা সংস্থা তাহারা।




