অপ্রত্যাশিতভাবে স্বর্ণসিংহ পুরস্কার জিতলো যে ছবি

বিনোদন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩

অপ্রত্যাশিতভাবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাঙ্ক্ষিত পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতে নিলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনধারার পরিচালক জিম জারমাশ। পারিবারিক কমেডি ধাঁচের ছবি ‌‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ তাকে এই সম্মান এনে দিয়েছে। এটি তিন পর্বের একটি কাহিনি, যেখানে সরল কমেডির আঙ্গিকে দেখানো হয়েছে বাবা-মা ও প্রাপ্তবয়স্ক সন্তানের মধ্যকার টানাপোড়েন।

সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক পর্যালোচনা পেলেও স্বর্ণসিংহ পুরস্কারের জন্য ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’কে ফেভারিট মনে করা হয়নি। কিন্তু সবাইকে চমকে দিয়ে ঠিকই পুরস্কারটি বাগিয়ে নিলেন ৭২ বছর বয়সী জিম জারমাশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ইতালির ভেনিস শহরের লিদো দ্বীপে পালাৎসো দেল সিনেমা ভবনের মঞ্চে স্বর্ণসিংহ প্রাপ্তির পর তিনি বলেন, ‘আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করি, তাদের কাছে প্রতিযোগিতা ঠুনকো বিষয়। তবে এই অপ্রত্যাশিত সম্মান আমি সত্যিই গভীর কৃতজ্ঞচিত্তে গ্রহণ করছি।’

‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ ছবির গল্প সাজানো হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, আয়ারল্যান্ডের ডাবলিন ও ফ্রান্সের রাজধানী প্যারিসের পটভূমিতে। পারিবারিক সম্পর্কের চারপাশেই ঘুরপাক খায় এর প্রতিটি অধ্যায়; যেখানে তেমন কোনও নাটকীয় ঘটনা ঘটে না, বরং প্রজন্মগত ব্যবধানের অস্বস্তি ও টানাপোড়েন গ্রাস করার মতো ছোট ছোট ব্যঞ্জনা ও নীরবতা দেখা দেয়। ছবিটিতে অভিনয় করেছেন কেট ব্ল্যানচেট, ভিকি ক্রিপস, অ্যাডাম ড্রাইভার, টম ওয়েটস, শার্লট র‌্যাম্পলিং, ইন্ডিয়া মুর, লুকা সাবাত ও মায়িম বিয়ালিক।

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ বছরের এক ফিলিস্তিনি শিশু হত্যার মর্মান্তিক বাস্তব ঘটনা নিয়ে নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ নিয়ে বাজি ধরেছিলেন বোদ্ধাদের অনেকে। শেষ পর্যন্ত তিউনিসিয়ার কাওতার বেন হানিয়া পরিচালিত ছবিটি গ্র্যান্ড জুরি প্রাইজ হিসেবে পেয়েছে রৌপ্যসিংহ (সিলভার লায়ন)। ছবিটিতে ব্যবহার করা হয়েছে ছোট্ট মেয়েটির করুণ মিনতি ভরা মূল অডিও রেকর্ডিং। ছবিটিতে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির টেলিফোন অপারেটরদের আলোকপাত করা হয়েছে, যারা ২০২৪ সালের ২৯ জানুয়ারি গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলা চলাকালে একটি গাড়ির ভেতরে আটকে পড়া ছোট্ট হিন্দ রাজাবকে ঘণ্টার পর ঘণ্টা সান্ত্বনা দিয়ে গেছেন। গাড়িতে ততক্ষণে তার খালা, খালু ও তিন কাজিনের মৃতদেহ পড়ে ছিল। রেড ক্রিসেন্ট সোসাইটির টেলিফোন অপারেটরদের হিন্দ রাজাব বলছিল, ‘আমি খুব ভয় পাচ্ছি, দয়া করে আসুন। কাউকে এসে আমাকে নিয়ে যেতে বলুন।’ ছোট্ট মেয়েটির সেসব কথা দর্শকদের ভীষণ আলোড়িত করেছে। ছবিটির প্রিমিয়ার শেষে তারা টানা ২৪ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান। সমাপনী মঞ্চে গ্র্যান্ড জুরি প্রাইজ জয়ী পরিচালক কাওতার বেন হানিয়া রৌপ্যসিংহ পাওয়ার পর ৪৮ বছর বয়সী কাওতার বেন হানিয়া বলেন, ‘হিন্দকে ফিরিয়ে আনতে পারবে না সিনেমা। কিংবা তার ওপর সংঘটিত নৃশংসতা মুছে দিতে পারবে না। যা কেড়ে নেওয়া হয়েছে সেটি আর ফিরবে না। তবে সিনেমা তার কণ্ঠকে সংরক্ষণ করতে পারে, সেই প্রতিধ্বনি সীমানা ছাড়িয়ে যেতে পারে। তার কণ্ঠের প্রতিধ্বনি ছড়াতে থাকবে, যতদিন না সত্যিকারের জবাবদিহিতা নিশ্চিত হয়, যতদিন না ন্যায় প্রতিষ্ঠা পায়।’

সেরা অভিনেতা হয়েছেন ইতালির টনি সেরভিল্লো। গত ২৭ আগস্ট শুরু হওয়া এবারের উৎসবের উদ্বোধনী ছবি পাওলো সরেন্তিনো পরিচালিত ‘লা গ্রাৎসিয়া’য় ক্ষমতার শেষ পর্যায়ে থাকা ইতালির একজন প্রেসিডেন্টের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি। গল্পে দেখা যায়, ইতালির প্রেসিডেন্ট লোকটি দৃঢ়প্রতিজ্ঞ ক্যাথলিক ও অভিজ্ঞ বিচারপতি। তিনি স্বেচ্ছামৃত্যু বৈধ করার বিলে সই করবেন নাকি করবেন না সেই দোটানায় পড়েছেন। একই সময়ে তাকে এমন দুই ব্যক্তির ক্ষমার আবেদনও বিবেচনা করতে হচ্ছে, যারা নিজেদের সঙ্গীকে হত্যা করেছে।

চীনের শিন ঝিলেই ‘দ্য সান রাইজেস অন আস অল’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। কাই শাংচুন পরিচালিত ছবিটির গল্প দুই বিচ্ছিন্ন প্রেমিক-প্রেমিকার ত্যাগ, অনুতাপ ও অমীমাংসিত আবেগকে কেন্দ্র করে।

মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ফাইটার মার্ক কেরের বায়োপিক ‘দ্য স্ম্যাশিং মেশিন’ তৈরির সুবাদে সেরা পরিচালকের রৌপ্যসিংহ পুরস্কার জিতেছেন সিরিয়ান ইহুদি বংশোদ্ভূত আমেরিকান নির্মাতা বেনি সাফদি। এতে মার্ক কের চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন ‘দ্য রক’ জনসন । উৎসবের সমাপনী মঞ্চে বেনি সাফদি বলেন, ‘অতীতের সব কিংবদন্তি আর এবারের আসরের কিংবদন্তিদের মাঝে এখানে দাঁড়িয়ে থাকতে পেরে আমি সত্যিই ভীষণ আবেগাপ্লুত।’ সেরা অভিনেত্রী চীনের শি জিলেই সাদা-কালো প্রামাণ্যচিত্র ‘বিলো দ্য ক্লাউডস’ পেয়েছে বিশেষ জুরি পুরস্কার। এটি নির্মাণ করেছেন ইতালির জিয়ানফ্রাঙ্কো রোসি। ভূমিকম্প ও আগ্নেয়গিরির হুমকিপ্রবণ ইতালির দক্ষিণাঞ্চলের কোলাহলময় নেপলস শহরের জীবনচিত্র তুলে ধরা হয়েছে এতে।

সমালোচকদের প্রশংসা সত্ত্বেও খালি হাতে ফিরেছে বেশ কয়েকটি আলোচিত ছবি। এরমধ্যে রয়েছে নেটফ্লিক্সের তিন প্রযোজনা ক্যাথরিন বিগেলোর পারমাণবিক থ্রিলার ‘অ্যা হাউস অব ডাইনামাইট’ (ইদ্রিস অ্যালবা, রেবেকা ফার্গুসন), গিয়ের্মো দেল তোরোর ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ (অস্কার আইজ্যাক, জ্যাকব এলর্ডি) ও নোয়া বামব্যাকের কমেডি-ড্রামা ‘জে কেলি’ (জর্জ ক্লুনি, অ্যাডাম স্যান্ডলার)। এছাড়া দক্ষিণ কোরিয়ার পার্ক চ্যান-উকের ‘নো আদার চয়েস’ (লি বিয়াং হান) ও গ্রিসের ইয়োর্গোস লান্তিমোস পরিচালিত ‘বুগোনিয়া’ (এমা স্টোন) ছবি দুটি পুরস্কারশূন্য থাকায় হতাশ অনেকে।

মূল প্রতিযোগিতায় বিচারকদের প্রধান ছিলেন আমেরিকান পরিচালক আলেক্সান্ডার পেইন। তার নেতৃত্বে বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেছেন ইরানি পরিচালক মোহাম্মদ রাসুলফ, ব্রাজিলিয়ান অভিনেত্রী ফার্নান্দা তোরেস, ফরাসি পরিচালক স্তেফান ব্রিজে, ইতালিয়ান পরিচালক মাউরা দেলপেরো, রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুনজিউ ও চীনা অভিনেত্রী জাও তাও।

অরিজন্তি (হরাইজনস) বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ভারতের অনুপর্ণা রায়। তার পরিচালিত ‘সংস অব ফরগটেন ট্রিস’ প্রযোজনা করেছেন অনুরাগ কাশ্যাপ। সেরা পরিচালক বেনি সাফদি উদ্বোধনী অনুষ্ঠানের মতোই সমাপনী আয়োজন সঞ্চালনা করেন ইতালিয়ান অভিনেত্রী ইমানুয়েল ফানেল্লি। শুরুর দিকে সদ্যপ্রয়াত ইতালিয়ান ফ্যাশন ডিজাইনসার জর্জিও আরমানির প্রতি শ্রদ্ধা জানাতে সালা গ্রান্দে থিয়েটারে উপস্থিত সবাই দাঁড়িয় করতালি দেন। এরপর সংগীত পরিবেশন করেন বর্ষীয়ান ইতালিয়ান সংগীতশিল্পী গায়েতানো "নিনো" ডি'অ্যাঞ্জেলো  

ভেনিসকে বরাবরই গ্ল্যামারাস ও অরাজনৈতিক চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচনা করা হলেও এবারের আসরে ছিল উল্টো চিত্র। উৎসবের শিরোপা জয়ী ও রানার-আপ হওয়া ছবি দুটির সঙ্গেই গাজা যুদ্ধ ঘুরেফিরে এসেছে।  এছাড়া মূল প্রতিযোগিতায় থাকা আরও কয়েকটি ছবিতে উঠে এসেছে সমসাময়িক বৈশ্বিক সংকট। ভেনিসে নিজের ছবি এনে জিম জারমাশ জানান, তার একজন মূল পরিবেশক ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান থেকে অর্থ নেওয়ায় তিনি উদ্বিগ্ন।

ভেনিস উৎসবের মাধ্যমে প্রতিবছর আনুষ্ঠানিকভাবে হলিউডের পুরস্কার মৌসুম শুরুর প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। গত চার বছরে এই আয়োজনে নির্বাচিত চলচ্চিত্রগুলো অস্কারে ৯০টিরও বেশি মনোনয়ন পেয়েছে। এরমধ্যে জিতেছে প্রায় ২০টি পুরস্কার। ফলে বিশ্বজুড়ে অভিনয়শিল্পী, প্রযোজক ও পরিচালকদের কাছে উৎসবটির প্রতি ব্যাপক আকর্ষণ। সেরা অভিনেতা ইতালির টনি সেরভিল্লো ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ী তালিকা

মূল প্রতিযোগিতা
গোল্ডেন লায়ন: ফাদার মাদার সিস্টার ব্রাদার (জিম জারমাশ, যুক্তরাষ্ট্র)
গ্র্যান্ড জুরি প্রাইজ (সিলভার লায়ন): দ্য ভয়েস অব হিন্দ রাজাব (কাওতার বেন হানিয়া, তিউনিসিয়া)
সেরা পরিচালক (সিলভার লায়ন): বেনি সাফদি (দ্য স্ম্যাশিং মেশিন, যুক্তরাষ্ট্র)
সেরা অভিনেত্রী (ভলপি কাপ): শিন জিলেই (দ্য সান রাইজেস অন আস অল, চীন)
সেরা অভিনেতা (ভলপি কাপ): টনি সেরভিল্লো (লা গ্রাৎসিয়া, ইতালি)
সেরা চিত্রনাট্য: অ্যাট ওয়ার্ক (ভ্যালেরি দোঁজেলি ও জিল মারশোঁ, ফ্রান্স)
স্পেশাল জুরি প্রাইজ: বিলো দ্য ক্লাউডস (জিয়ানফ্রাঙ্কো রসি, ইতালি)
সেরা নবীন অভিনয়শিল্পী (মার্সেলো মাস্ত্রোইয়ান্নি অ্যাওয়ার্ড): লুনা ভেদলের (সাইলেন্ট ফ্রেন্ড, সুইডেন)

সম্মানসূচক স্বর্ণসিংহ (আজীবন সম্মাননা)
ভেরনার হারজগ (পরিচালক, জার্মানি)
কিম নোভাক (অভিনেত্রী, যুক্তরাষ্ট্র)

গ্লোরি টু দ্য ফিল্মমেকার অ্যাওয়ার্ড
জুলিয়ান শ্নাবেল (যুক্তরাষ্ট্র)

প্যাশন ফর ফিল্ম অ্যাওয়ার্ড
গাস ভ্যান স্যান্ট (পরিচালক, যুক্তরাষ্ট্র)

হরাইজনস শাখা
সেরা সিনেমা: অন দ্য রোড (দাভিদ পাবলোস, মেক্সিকো)
সেরা পরিচালক: আনুপর্ণা রায় (সংস অব ফরগটেন ট্রিস, ভারত)
স্পেশাল জুরি প্রাইজ: লস্ট ল্যান্ড (আকিয়ো ফুজিমোতো, জাপান)
সেরা অভিনেত্রী: বেনেদেত্তা পোরকারোলি (দ্য কিডন্যাপিং অব আরাবেল্লা, ইতালি)
সেরা অভিনেতা: জাকোমো কোভি (অ্যা ইয়ার অব স্কুল, ইতালি)
সেরা চিত্রনাট্য: দ্য আইভি (আনা ক্রিস্টিনা বারাগান, ইকুয়েডর)
সেরা শর্ট ফিল্ম: উইদাউট কেলি (লোভিসা সিরিয়েন, সুইডেন)

ভেনিস স্পটলাইট
আরমানি বিউটি অডিয়েন্স অ্যাওয়ার্ড: মালাগা স্ট্রিট (মরিয়ম তুজানি, মরক্কো)

লায়ন অব দ্য ফিউচার
সেরা নতুন পরিচালক (লুইজি দে লাউরান্তিস অ্যাওয়ার্ড): নাস্তিয়া করকিয়া (শর্ট সামার, জার্মানি)

ভেনিস ক্ল্যাসিকস
সিনেমার সেরা প্রামাণ্যচিত্র: মাতা হারি (জো বেশেনকোভস্কি, জেমস স্মিথ)
সেরা পুনরুদ্ধার করা সিনেমা: বাশু, দ্য লিটল স্ট্রেঞ্জার (১৯৮৫, বাহরাম বেইজাই)

ভেনিস ইমারসিভ
গ্র্যান্ড জুরি প্রাইজ: দ্য ক্লাউডস আর টু থাউজেন্ড মিটারস আপ (সিংগিং চেন, তাইওয়ান)
স্পেশাল জুরি প্রাইজ: লেস দ্যান ফাইভজিআর অর স্যাফ্রন (নেগার মোতেভালিমাইদঁনশা, ফ্রান্স)
অ্যাচিভমেন্ট প্রাইজ: অ্যা লং গুডবাই (কেট ভোট, ভিক্টর মায়েস; বেলজিয়াম)

ভেনিস উৎসবের সমাপনী মঞ্চে ভারতীয় পরিচালক অনুপর্ণা রায় মুক্ত পুরস্কার

ফিপরেসি অ্যাওয়ার্ডস
সেরা সিনেমা (মূল প্রতিযোগিতা): সাইলেন্ট ফ্রেন্ড (ইলদিকো এনিয়েদি, হাঙ্গেরি)
সেরা সিনেমা (অন্যান্য শাখা): অ্যাগন (জুলিও বেরতেল্লি, ইতালি)

কুইয়ার লায়ন
অন দ্য রোড (দাভিদ পাবলোস, মেক্সিকো)

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক