বগুড়া উৎসবে কলকাতায় নির্মিত ‘মিথ্যে কথার শহরে’

বিনোদন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৬, ১৫:৫৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩

বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্র নির্মাতা আনন্দ কুটুম পরিচালিত ও প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিথ্যে কথার শহরে’। এটি একটি প্রেমময় মনস্তাত্ত্বিক রহস্যময় গল্প, যেখানে প্রেম, শহর ও মানসিক বিভ্রম একে অপরের ভেতরে ধীরে ধীরে মিশে যায়। 

১০ জানুয়ারি বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল-এর শেষ দিন বিকাল ৫টায় সিনেমাটি প্রদর্শিত হবে মধুবন সিনেপ্লেক্স-এ। এটি উৎসবের ন্যাশনাল কম্পিটিশন বিভাগে লড়াই করছে।

ভারতের কলকাতা শহরে নির্মিত এই চলচ্চিত্রটি একটি ইন্দো-বাংলা যৌথ প্রযোজনা, যা দুই বাংলার সংস্কৃতি, অনুভূতি ও নগরজীবনের এক সূক্ষ্ম সংলাপ তৈরি করবে। এমনটাই জানালেন নির্মাতা কুটুম।

এর গল্পটি একজন বাংলাদেশি তরুণ ফটোগ্রাফারের, যে ভ্রমণের টানে কলকাতায় যায় একজন ট্রাভেলার হিসেবে। ক্যামেরার লেন্সের ভেতর দিয়ে সে কলকাতা শহরকে দেখে, মানুষকে দেখে, আর সেই দেখার মধ্যেই সে প্রেমে পড়ে যায় এক রহস্যময় নারীর। এই প্রেম কেবল আবেগের নয়—এ এক অনুসন্ধান। ভালোবাসা তাকে ধীরে ধীরে নিয়ে যায় এক অদ্ভুত সত্যের দিকে, যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা ঝাপসা হয়ে যায়। মেয়েটিকে খুঁজে পাওয়ার পর ঘটে অদ্ভুত এমন এক ঘটনা, যা দর্শককে টেনে নেবে মানসিক দ্বন্দ্ব ও রহস্যের গভীরে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জীবন রয় (বাংলাদেশ), দীপান্বিতা (ভারত) ও অভিজিত রায় (ভারত)।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বলেন, “এই চলচ্চিত্র শহরের ভেতর হারিয়ে যাওয়া মানুষের গল্প। এখানে প্রেম আছে, কিন্তু সেটি সরল নয়। এখানে রহস্য আছে, কিন্তু সেটি কেবল প্লটের নয়, মনোজগতের। ‘মিথ্যে কথার শহরে’ মূলত সত্য আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক শহরের গল্প।’’ আনন্দ কুটুম বগুড়া উৎসবে স্থান পাওয়া প্রসঙ্গে নির্মাতা কুটুমের প্রতিক্রিয়া এমন, ‘প্রতিবারের মতো এবারও কোনও একটি চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা প্রদর্শিত হতে যাচ্ছে, কিন্তু বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সিনেপ্লেক্সের অত্যাধুনিক বড় পর্দায় ছবিটি প্রদর্শিত হবে—এই ভাবনাটাই আমাকে ভীষণভাবে এক্সাইটেড করছে। বড় স্ক্রিন, নিখুঁত সাউন্ড এবং দর্শকের সম্মিলিত নিঃশ্বাসের মধ্যেই এই ছবিটা আসলে বেঁচে ওঠার কথা।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প