একাত্তরের কণ্ঠযোদ্ধা ও লোকসংগীতশিল্পী মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন। ১২ জানুয়ারি রাত ৯টা ২০ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৮০ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তবলাশিল্পী পল্লব স্যান্নাল।
জানা গেছে, সোমবার রাতে মরদেহ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। মলয় কুমার গাঙ্গুলীর একমাত্র মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন, তিনি ফেরার পর শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নেত্রকোনার কেন্দুয়ার মোজাফফরপুর গ্রামে ১৯৪৬ সালে মলয় কুমার গাঙ্গুলীর জন্ম হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কণ্ঠকে অস্ত্র করে লড়াই করেছিলেন তিনি। সে সময় বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। বালিগঞ্জ সার্কুলার রোডে বসে নিয়মিত গান লেখা, সুরারোপ ও কণ্ঠে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছেন এই শিল্পী।
‘পুত্রবধূ’ সিনেমায় ‘গুরু উপায় বলো না’ গেয়ে শ্রোতামহলে সাড়া ফেলেছিলেন মলয় কুমার গাঙ্গুলী।
আলোচিত গান ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’–এর সুরকার তিনি, গানটি গেয়েছেনও তিনি। হাসান মতিউর রহমানের লেখা গানটি পরবর্তী সময়ে সাবিনা ইয়াসমীনও গেয়েছেন।




