বার্লিনের পর্দা উঠবে আফগান সিনেমা দিয়ে

বিনোদন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬, ১৭:১১আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ২০:২০

বিশ্বখ্যাত জার্মানি চলচ্চিত্র উৎসব বার্লিনের ৭৬তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আফগান নির্মাতার সিনেমা দিয়ে।

উৎসব কর্তৃপক্ষ জানায়, আফগান নির্মাতা শহরবানু সাদাতের নতুন চলচ্চিত্র ‘নো গুড মেন’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার দিয়ে শুরু হবে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬। আগামী ১২ ফেব্রুয়ারি বার্লিনের ঐতিহ্যবাহী বার্লিনালে প্যালাস্টে উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বার্লিনালে পরিচালক ট্রিসিয়া টাটল বলেন, “শহরবানু সাদাত বিশ্ব সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর কণ্ঠ। তার প্রথম দুটি চলচ্চিত্র যে সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল, ‘নো গুড মেন’ সেই প্রতিশ্রুতি পূর্ণমাত্রায় রক্ষা করেছে। আফগান নারীদের জীবনকে কেন্দ্র করে তার যে সাহসী ও প্রয়োজনীয় কাজ, এই ছবিতে তা আরও গভীর হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটের ভেতর প্রেম ও সূক্ষ্ম রসিকতার ছোঁয়া যোগ হয়েছে। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এই চলচ্চিত্র নির্মাণে পরিচালক যে ঝুঁকি নিয়েছেন, সেটিই ‘নো গুড মেন’-কে ৭৬তম বার্লিনালের উদ্বোধনী গালার জন্য বিশেষ অর্থবহ করে তুলেছে।”

এর আগে সাদাতের ‘উলফ অ্যান্ড শিপ’ (২০১৬) এবং ‘দ্য অরফানেজ’ (২০১৯)-এই দুটি চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস’ ফোর্টনাইট বিভাগে প্রদর্শিত হয়। এর মধ্যে ‌‘উলফ অ্যান্ড শিপ’ শীর্ষ পুরস্কার অর্জন করে। ‘দ্য অরফানেজ’ নির্মাণে সহায়তা দিয়েছিল বার্লিনালে ওয়ার্ল্ড সিনেমা ফান্ড।

আফগানিস্তানের অন্যতম পরিচিত চলচ্চিত্র নির্মাতা শহরবানু সাদাত ২০২১ সালে তালেবানের হাতে কাবুল পতনের পর হাজারো মানুষের সঙ্গে দেশ ছাড়তে বাধ্য হন। সে সময় কাবুল থেকেই তিনি দ্য হলিউড রিপোর্টার-এর সঙ্গে কথা বলেছিলেন। সেই নির্মাতার নতুন ছবি এবার প্রদর্শিত হবে বার্লিনে।

বার্লিন চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানায়, “পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা হিসেবে শহরবানু সাদাত তার অনন্য চলচ্চিত্রযাত্রা অব্যাহত রেখেছেন। ব্যক্তিগত অভিজ্ঞতা ও রাজনৈতিক বাস্তবতার মেলবন্ধনে তৈরি হয়েছে এই ছবি। ‘নো গুড মেন’ লেখক ও অভিনেতা আনোয়ার হাসিমির আত্মজীবনীমূলক লেখার ওপর ভিত্তি করে পরিকল্পিত পাঁচটি চলচ্চিত্রের তৃতীয় অংশ।’’ শহরবানু সাদাত এই ছবিতে আনোয়ার হাসিমি অভিনয় করেছেন শহরবানু সাদাতের সঙ্গে, যেখানে সাদাত নিজেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

চলচ্চিত্রের কাহিনি সংক্ষেপে, ‘কাবুল টিভির একমাত্র নারী ক্যামেরাপারসন নারু (সাদাত) বিশ্বাস করে, আফগানিস্তানে কোনও ভালো পুরুষ নেই। কিন্তু এক রিপোর্টিং অ্যাসাইনমেন্টে সাংবাদিক কুদরতের সঙ্গে বেরিয়ে পড়লে তার বিশ্বাসে চিড় ধরে এবং নতুন এক বাস্তবতার মুখোমুখি হয় সে।’

শহরবানু সাদাত বলেন, ‘আফগানিস্তানের পুরুষতান্ত্রিক সমাজে বড় হতে হতে আমি বিশ্বাস করতাম, ভালো পুরুষ বলে কিছু নেই। পরে বুঝেছি, আরেকটি বাস্তবতাও আছে। এই চলচ্চিত্রের মাধ্যমে আমি তরুণ নারীদের আশা দিতে এবং তরুণ পুরুষদের সামনে একটি উদাহরণ তুলে ধরতে চাই।’

‘নো গুড মেন’ নির্মিত হয়েছে জার্মানি, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক ও আফগানিস্তানের যৌথ প্রযোজনায়। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হলো আডোমাইট ফিল্ম, লা ফাব্রিকা নকটুর্না সিনেমা, মোটলিস, আমেরিকাফিল্ম ও উলফ পিকচার্স। ছবির শুটিং হয়েছে জার্মানির বিভিন্ন লোকেশনে।

উল্লেখ্য, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এর পর্দা নামবে ২২ ফেব্রুয়ারি।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প