সাধারণত ঈদ উৎসবের আয়োজনে তারকাবহুল মৌলিক আয়োজন দেখা যায় সিনেমা হল থেকে শুরু করে টিভি পর্দা হয়ে ইউটিউব পর্যন্ত। তবে সেই সংস্কৃতিতে খানিক ব্যতিক্রম দেখা যাচ্ছে দেশের একমাত্র শিশুতোষ চ্যানেল দুরন্তকে।
চ্যানেল কর্তৃপক্ষ জানায়, এই ঈদে নিজস্ব মৌলিক অনুষ্ঠান ছাড়াও মোট ১৪টি বিদেশি সিনেমা বাংলা ডাবিং করে চালাবে দুরন্ত।
এরমধ্যে ঈদের দিন প্রচার হবে সিনেমা ‘মোবারক’ ও ‘দ্য স্মার্ফস’। ২য় দিন ‘সার্ফ’স আপ’ ও ‘দ্য স্মার্ফস ২’। ৩য় দিন ‘ওপেন সিজন’ ও ‘রানা সাইলেন্স’।
এভাবে রোজ দুপুর ৩টা ও রাত ১০টায় ৭ দিনে প্রচার হবে মোট ১৪টি বিদেশি সিনেমা।
শুধু বিদেশি সিনেমাতেই আটকে থাকছে না চ্যানেলটি, সঙ্গে থাকছে নিজস্ব প্রযোজনার বেশ কিছু মৌলিক অনুষ্ঠানের চমক।
এরমধ্যে ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ‘রঙের খেলায় সুরের ভেলায়’-ঈদ স্পেশাল, সকাল ৯টা ও দুপুর ১টা ৩০ মিনিটে ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’, অনুষ্ঠানটিতে অতিথি থাকবেন রাফায়েল ও তার মা। সকাল ৯টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’র বিশেষ পর্ব, অতিথি থাকবেন খন্দকার সামিহা তাজমিন ও তার মা-বাবা। সকাল ১০টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গান গাইবে ব্যান্ড ‘এসেইস’। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’, দুপুর ১টায় ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’, দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায় ‘দুরন্ত ফ্যামিলি’।
এভাবে ঈদের ৭দিনই দুরন্ত প্রচার করবে তাদের ঈদের মৌলিক অনুষ্ঠানমালা।





