ব্যতিক্রমী আয়োজনে কালরাত্রি স্মরণ করলো দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।
১৯৭১ সালের এই দিনে (২৫ মার্চ) নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তান বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতেই সংগঠনটির এই আয়োজন।
বুধবার রাত ৮টায় রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা মোমবাতি প্রজ্বালন করে গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানান শহিদদের প্রতি। অনুষ্ঠানে ছায়ানট সদস্যরা প্রত্যেকে হাতে হাতে মোমবাতি প্রজ্বালন করে কণ্ঠে তুলে নেন গান। সমবেত কণ্ঠে পরিবেশন করেন- ‘ও আলোর পথযাত্রী’, ‘নাহি ভয় নাহি ভয়’, ‘দুঃখে আমার পরাণ কান্দে’ এবং ‘আগুনের পরশমণি’ গানগুলো।
১৬ মিনিটের এই ব্যতিক্রমী আয়োজনটি এদিন রাত ৮টা থেকে সরাসরি সম্প্রচার করা হয় ছায়ানটের ফেসবুক পেইজে।



