বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনায় নতুন রেকর্ড গড়েছে ‘হ্যারি পটার’ সিরিজের ট্রেলার। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসপার্স স্টোন’-এর প্রথম ট্রেলার প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই ২৭৭ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। যা এইচবিও এবং এইচবিও ম্যাক্স-এর ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলার হয়ে উঠেছে।
এটি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), টিকটকসহ সকল সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ট্রেলারের মোট ভিউ। মোট ২৭৭ মিলিয়ন ভিউয়ের মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছে ইউটিউব থেকে, এরপর রয়েছে ফেসবুক-ইনস্টাগ্রাম। এক্স, টিকটক এবং এইচবিও ম্যাক্সসহ অন্যান্য প্ল্যাটফর্মও উল্লেখযোগ্য ভিউ যোগ করেছে।
ব্রিটিশ লেখক জে কে রোলিং-এর জনপ্রিয় সাত খণ্ডের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজটি মূলত ‘হ্যারি পটার’ জগতকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছে।
এতে হ্যারি চরিত্রে অভিনয় করেছেন ডমিনিক ম্যাকলাফলিন।
ট্রেলারে দেখা যায়, হ্যারি তার অতীত ও বাবা-মা সম্পর্কে জানতে চাচ্ছে, আর হ্যাগ্রিড তাকে তাদের সাহসিকতা ও মানবিকতার কথা জানাচ্ছেন। একই সঙ্গে হগওয়ার্টসে তার নতুন জীবনের ঝলকও উঠে এসেছে—রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের সঙ্গে বন্ধুত্ব, সোর্টিং হ্যাট পরা, হার্বোলজি ক্লাসে অংশ নেওয়া এবং গ্রিফিন্ডর দলের হয়ে কুইডিচ খেলা।
গল্পে দেখা যাবে, খালার কাছে বড় হওয়া হ্যারি নিজের সম্পর্কে কিছুই জানে না। ১১তম জন্মদিনে হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ড্রি থেকে একটি চিঠি পেয়ে তার সামনে খুলে যায় জাদুর এক নতুন জগৎ।
সিরিজটিতে আলবাস ডাম্বলডোর চরিত্রে অভিনয় করছেন জন লিথগো, মিনার্ভা ম্যাকগোনাগাল চরিত্রে জ্যানেট ম্যাকটের এবং সেভেরাস স্নেইপ চরিত্রে পাপা এসিদু।
এছাড়াও নেভিল লংবটম, ড্রাকো ম্যালফয়সহ আরও পরিচিত চরিত্রগুলো নতুন মুখে হাজির হবে।
সিরিজটির শোরানার হিসেবে আছেন ফ্রান্সেসকা গার্ডিনার এবং একাধিক পর্ব পরিচালনা করছেন মার্ক মাইলোড।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের বড়দিনে সিরিজটি এইচবিওতে সম্প্রচার শুরু হবে এবং একই সঙ্গে এইচবিও ম্যাক্সে স্ট্রিমিং হবে।
দীর্ঘদিন পর ‘হ্যারি পটার’কে নতুনভাবে পর্দায় ফিরে পেতে উচ্ছ্বসিত ভক্তরা। ট্রেলারের রেকর্ড ভিউ সেই প্রত্যাশারই প্রমাণ। জাদুর এই গল্প এখনও বিশ্বজুড়ে সমান জনপ্রিয়।
ট্রেলারটি উন্মুক্ত হয়েছে ২৬ মার্চ এইচবিও এবং এইচবিও ম্যাক্সের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
সূত্র: হলিউড রিপোর্টার




