রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ঐতিহ্যবাহী ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’ আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩-কে স্বাগত জানানো হয়েছে। ভোরের আলো ফোটার আগেই মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ, যা বাঙালির সংগীতপ্রেমের এক উজ্জ্বল চিত্র তুলে ধরে।
চ্যানেল আই ও সুরের ধারার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।
ভোরের প্রথম প্রহরে সম্মিলিত কণ্ঠে গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর পর্যায়ক্রমে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা। সম্মিলিত পরিবেশনায় অংশ নেন রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, স্বাতী সরকারসহ আরও অনেকে। এছাড়া বাউল শাহ আবদুল করিমের গান পরিবেশন করা হয় এবং আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়, যার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় উপস্থিত দর্শক-শ্রোতারা।





