রাশমিকার নতুন নাম শুনে বিতর্কে নেটিজেনরা

বিনোদন ডেস্ক
১৬ জুন ২০২৬, ১২:২৪আপডেট : ১৬ জুন ২০২৬, ১২:৪০

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা আবারও আলোচনায়। তবে এবার নতুন কোনো সিনেমা বা ব্যক্তিগত ছবি নয়, বরং একটি পরিচয় নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজেকে ‘রাশমিকা মন্দানা দেবেরাকোন্ডা’ বলে পরিচয় দিয়েছেন তিনি।

ভারতের তেলেঙ্গানার থুম্মানপেট গ্রামে আয়োজিত একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানে হাজির হন রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সরকারি বিদ্যালয়ের ১৮০ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়ার এই উদ্যোগটি স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাশমিকা বলেন, “আজ আমি আপনাদের সামনে রাশমিকা মন্দানা দেবেরাকোন্ডা হিসেবে দাঁড়িয়ে কথা বলছি।” তার এই বক্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় নানা আলোচনা ও জল্পনা।

দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রাশমিকা ও বিজয়। তবে বিয়ের পর প্রকাশ্যে নিজের নামের সঙ্গে ‘দেবেরাকোন্ডা’ যুক্ত করে পরিচয় দেওয়ার ঘটনা এটিই প্রথম বলে মনে করছেন অনেক ভক্ত।

যদিও অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে নিজের নাম পরিবর্তনের কোনো ঘোষণা দেননি। ফলে এটি কেবল অনুষ্ঠানের পরিচয় ছিল, নাকি তিনি সত্যিই নিজের নামের সঙ্গে স্বামীর পদবি যুক্ত করেছেন—সেটি এখনো স্পষ্ট নয়।

তবে ঘটনাটি শুধু ভক্তদের উচ্ছ্বাসই তৈরি করেনি, নতুন এক সামাজিক বিতর্কও উসকে দিয়েছে। বিয়ের পর নারীর নামের সঙ্গে স্বামীর পদবি যুক্ত করার প্রথাকে অনেকেই এখন সেকেলে সামাজিক রীতি হিসেবে দেখেন। সমালোচকদের মতে, এটি এমন এক ধারণার প্রতিফলন, যেখানে নারীর পরিচয়কে স্বামীর পরিচয়ের সঙ্গে যুক্ত করে দেখা হয়। অন্যদিকে অনেকের মতে, পদবি গ্রহণ বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।

ফলে রাশমিকার এই পরিচয় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে দাম্পত্য সম্পর্কের সুন্দর প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন—নিজস্ব পরিচয়ে প্রতিষ্ঠিত একজন তারকার জন্য নতুন কোনো পদবি যুক্ত করার প্রয়োজন আদৌ আছে কি না।

তবে বিতর্কের আড়ালে আরেকটি বিষয়ও প্রশংসিত হচ্ছে। নিজ গ্রামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকার এই বৃত্তি কর্মসূচিকে অনেকেই ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। তারকাখ্যাতিকে শুধু বিনোদনের গণ্ডিতে না রেখে শিক্ষা ও সামাজিক উন্নয়নের কাজে ব্যবহার করার জন্য এই দম্পতির প্রশংসাও করছেন অনেকে। ফলে রাশমিকার নতুন পরিচয় যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগও কুড়াচ্ছে সমান প্রশংসা।

এদিকে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও আবার একসঙ্গে দেখা যাবে এই তারকা জুটিকে। বিয়ের পর প্রথমবারের মতো তারা জুটি বেঁধেছেন নতুন চলচ্চিত্র ‘রানাবালি’-তে, যা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাইবার বুলিং ও ট্রলকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রভা
সাইবার বুলিং ও ট্রলকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রভা
রাশমিকার নতুন নাম শুনে বিতর্কে নেটিজেনরা
রাশমিকার নতুন নাম শুনে বিতর্কে নেটিজেনরা
সংগীতাঙ্গনের সবাই আশার আলো দেখছে: হামিন আহমেদ
সংগীতাঙ্গনের সবাই আশার আলো দেখছে: হামিন আহমেদ
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
রণবীরের নতুন গাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে!
রণবীরের নতুন গাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে!