ফুটবল তারকা লিওনেল মেসির প্রতিকৃতি এঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
শনিবার নিজের ফেসবুক পেজে তিনি মেসির একটি প্রতিকৃতি পোস্ট করেন এবং লেখেন, “আমি মেসির একটা ছবি আঁকবো, এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা।” পোস্টটি প্রকাশের পর ভক্তদের মন্তব্যে ভরে ওঠে, যেখানে অনেকেই তার শিল্পীসত্তার প্রশংসা করেন। ইতিমধ্যেই আঠারো হাজার লাইক ও চারশ’র বেশি কমেন্ট করেছেন ভক্তরা।
অন্যদিকে সম্প্রতি মা হওয়ার ঘটনায় আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী বিশ্বকাপ প্রসঙ্গ ঘিরে ফের নিজের উপস্থিতি জানান দিলেন। বোঝা গেল, শাকিব খানের প্রকাশ্য সাড়া না মিললেও সন্তানকে নিয়ে সুন্দর ও স্বাভাবিক সময় পার করছেন এ নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফুটবল ভালোবাসা প্রকাশ করে নিজেকে ব্রাজিলের সমর্থক হিসেবে তুলে ধরলেন। ব্রাজিলের জার্সি পরে ছবি পোস্ট করে সম্প্রতি লেখেন, “জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল, আহা! সেই ছোটবেলার ইমোশন।”
পাশাপাশি সর্বকালের সেরা তার প্রিয় ব্রাজিলিয়ান প্রিয় ফুটবলারদের নামও জানান। তারা হলেন, রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো…।”
তবে, ব্রাজিলের ফ্যান হলেও মেসির জাদুতে মুগ্ধ এ নায়িকা অন্য একটি পোস্টে লেখেন, “এই মানুষটা এত ভালো খেলেন কেন?” এবং সঙ্গে হ্যাশট্যাগে লেখেন—“মেসি, সত্যিকারের জাদুকর।” উল্লেখ করেন- দল যার যার, মেসি কিন্তু সবার।
বিশ্বকাপ নিয়ে তারকাদের এমন ফুটবল উন্মাদনায় মেতেছেন ভক্তরাও।





