প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে

বিনোদন ডেস্ক
০৫ জুলাই ২০২৬, ০৮:৩০আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৮:৩০

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ (৫ জুলাই) জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে আজ বিয়ে করছেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজ বাসভবনে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর অধীনে আইনি নিবন্ধন ও ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

এই বিয়ের আগে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আমিরের সঙ্গে তাঁর দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সম্পর্ক। বিচ্ছেদের পরও তাঁদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন অভিনেতা। এমনকি আমিরের নতুন জীবন নিয়েও দুজনের শুভকামনা রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন জুয়েলারি ডিজাইনার ও সমাজসেবী ফারাহ খান আলি। কয়েক দিন আগে আমির, গৌরী, রিনা ও কিরণকে একই গাড়িতে একসঙ্গে দেখা যাওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।

ফারাহ বলেন, “আমিরকে অবশ্যই সম্মান করা উচিত। তিনি তাঁর প্রত্যেক স্ত্রীকে এতটাই সম্মান দিয়েছেন যে, তাঁরা তাঁর নতুন জীবনে এগিয়ে যাওয়াকে স্বাচ্ছন্দ্যের সঙ্গে গ্রহণ করতে পেরেছেন।”

তিনি আরও বলেন, “যে সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা থাকে, সেখানে বিচ্ছেদের পরও সুন্দর সম্পর্ক বজায় রাখা সম্ভব। অতীতের ক্ষোভ আঁকড়ে না ধরে একজন আরেকজনের ভালো থাকা মেনে নেওয়াই পরিণত মানসিকতার পরিচয়।”

ফারাহর মতে, সমাজে এমন সম্পর্ককে অনেক সময় অস্বাভাবিক মনে করা হলেও, এতে অস্বাভাবিক কিছু নেই। বরং বিচ্ছেদের পরও পারস্পরিক সম্মান বজায় রাখা ইতিবাচক দৃষ্টান্ত।

জানা গেছে, আজকের ঘরোয়া আয়োজনে আমিরের আগের দুই সংসারের সন্তান—জুনায়েদ, ইরা ও আজাদের পাশাপাশি গৌরী স্প্র্যাটের আগের সংসারের ছেলেও উপস্থিত থাকবে। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অতিথি তালিকায় রয়েছেন আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওও। ফলে বিচ্ছেদের পরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় তাঁদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আমির ও গৌরী
রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হলেও সন্তানদের যৌথভাবে দেখাশোনা এবং বিভিন্ন পেশাগত কাজে তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির। সেই সম্পর্কের ধারাবাহিকতাতেই দুই প্রাক্তন স্ত্রীর শুভকামনা নিয়েই আজ নতুন জীবনে পা রাখছেন এই বলিউড তারকা।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড
যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিয়ে করলেন টেইলর সুইফট, কী ছিল জমকালো আয়োজনে?
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে