পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার তিন নির্মাতা

বিনোদন রিপোর্ট
০৫ জুলাই ২০২৬, ১৪:০৬আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৪:০৬

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে তিন নির্মাতাকে। তারা হলেন বদিউল আলম খোকন, মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজু। শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য গাজী মাহবুব। তিনি জানান, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এই তিন নির্মাতাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বদিউল আলম খোকন দেশের বাণিজ্যিক ধারার অন্যতম পরিচিত নির্মাতা। শাকিব খান অভিনীত ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’সহ বহু আলোচিত সিনেমা নির্মাণ করেছেন তিনি। অন্যদিকে রিয়াজুল রিজু ‘বাপজানের বায়োস্কোপ’ নির্মাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক স্বীকৃতি অর্জন করেন।

পরিচালক সমিতি-সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, প্রায় এক বছর আগে পরিচালক সমিতির নির্বাচন বাতিল চেয়ে আদালতে মামলা করেছিলেন বদিউল আলম খোকন। ওই মামলায় সমিতির তৎকালীন সভাপতি, প্রয়াত নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুসহ সংশ্লিষ্টদের আসামি করা হয়েছিল। সমিতির একটি অংশের মতে, এ ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এ ছাড়া অভিযোগ রয়েছে, খোকনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুও সামাজিক যোগাযোগমাধ্যমে সমিতিবিরোধী প্রচারণা ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। এসব অভিযোগ বিবেচনায় নিয়েই তিনজনকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সমিতি-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে এ বিষয়ে বদিউল আলম খোকন, মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
এমি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়লো কমেডি সিরিজ ‘উইডোজ বে’
নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
তোমাকে দিয়ে কিছু হবে না, চুপচাপ বসে আমার রিলস দেখো: রাখিকে কঙ্গনা
তোমাকে দিয়ে কিছু হবে না, চুপচাপ বসে আমার রিলস দেখো: রাখিকে কঙ্গনা
দিশার মৃত্যু মামলায় নতুন মোড়, এফআইআরে রিয়া চক্রবর্তীসহ একাধিক তারকার নাম
দিশার মৃত্যু মামলায় নতুন মোড়, এফআইআরে রিয়া চক্রবর্তীসহ একাধিক তারকার নাম
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!