নন্দিত অভিনেতা ও নির্মাতা কমল হাসানের পরবর্তী তামিল প্রজেক্টে হাজির হচ্ছেন তার মেয়ে শ্রুতি হাসান। এখন পর্যন্ত ছবির নাম ঠিক না হলেও শ্যুটিং শুরুর দিন-ক্ষণ এরইমধ্যে ঠিক হয়ে গেছে। চলতি মাসের শেষ নাগাদই নাকি শুরু হচ্ছে কাজ।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অভিনেতা আর.মাধবনের সঙ্গে এক আলাপচারিতায় খোদ কামাল হাসান এসব তথ্য জানিয়েছেন। মাধবনকে তিনি জানান, ২৯ এপ্রিল তার পরবর্তী ছবির কাজ শুরু হচ্ছে।
টুইটারে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ মাধবন। পার্ট টু-এর জন্য শুভ কামনা। ২৯ তারিখে শ্রুতিকে নিয়ে আমিও কাজ শুরু করছি। আপনার কি তখন চেন্নাইয়ে থাকার সম্ভাবনা আছে?’
রাজিব কুমারের পরিচালনায় নির্মিত হতে যাওয়া পূর্ণদৈর্ঘ্য এ ছবিটি কমেডি ধাঁচের। ছবির বেশিরভাগ শ্যুটিং হবে যুক্তরাষ্ট্রে। ছবিটি নির্মিত হবে কমলের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রাজকমল ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারের আওতায়।
উল্লেখ্য, কমল হাসানের মেয়ে শ্রুতি তার অভিনয়ের অভিষেক করেন, তামিল-হিন্দি দ্বৈত ভাষার ‘হে রাম’ সিনেমার মধ্য দিয়ে। ছবিটিতে বল্লভভাই প্যাটেলের কন্যা চরিত্রে বিশেষ শিল্পী হিসেবে হাজির হন তিনি। এই সিনেমাটি নির্মিত হয় মহাত্মা গান্ধীকে হত্যার চেষ্টার কাহিনীর উপর ভিত্তি করে। এই সিনেমার পরিচালক ছিলেন তার বাবা কমল হাসান। ২০০৭ সালের শেষের দিকে শ্রুতি তার পূর্ণ অভিষেক ঘটান নিশিকান্ত কামাত পরিচালিত মাধবানের বিপরীতে ২০০৮ সালের একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/এফইউ/এমএম/



