অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার এমন এক অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করলেন, যা নির্মাতাদের দাবি অনুযায়ী ভারতীয় সিনেমার প্রথম নারী-কেন্দ্রিক পানির নিচের ফাইট সিকোয়েন্স। আসন্ন প্যান-ইন্ডিয়া সিনেমা ‘মিসা’-র জন্য টানা দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে শুটিং করেছেন তিনি। সবচেয়ে বড় বিষয়, এই দৃশ্যে কোনো স্টান্ট ডাবলের সাহায্য নেননি রাশমিকা।
শুটিং শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা জানিয়ে রাশমিকা লেখেন, ‘আমি জানি কিছুদিন ধরে সেভাবে দেখা যাচ্ছিল না। কারণ আমরা এ কাজটাই করছিলাম। জীবনে এটাই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কাজ, যা আমাকে করতে হয়েছে। আমরা হয়তো পাগল, কিন্তু এই পাগলামিই আমাকে ভীষণ রোমাঞ্চিত করছে।’
নির্মাতারাও শুটিংয়ের নেপথ্যের কিছু ছবি প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, ‘ভারতীয় সিনেমার প্রথম নারী-নেতৃত্বাধীন পানির নিচের ফাইট সিকোয়েন্সের শুটিং শেষ হয়েছে। পানির গভীরে এমন এক লড়াই অপেক্ষা করছে, যা আগে দেখা যায়নি।’
রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মিসা’ একটি আবেগঘন অ্যাকশন থ্রিলার। আদিবাসী অঞ্চলকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় রাশমিকাকে এক শক্তিশালী ও লড়াকু চরিত্রে দেখা যাবে। এটি তার ক্যারিয়ারের প্রথম নারী-প্রধান প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমা বলেও জানিয়েছেন নির্মাতারা।
সম্প্রতি প্রকাশিত ফার্স্ট লুকেও রাশমিকাকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা গেছে। হাতে অস্ত্র, রক্তাক্ত চেহারা আর তীব্র দৃষ্টির সেই পোস্টারের পর এবার পানির নিচের দুঃসাহসিক লড়াইয়ের খবর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।





