হলিউডের সাড়া জাগানো ফ্যান্টাসি ফিল্ম ‘দ্য জাঙ্গল বুক’-এর পরবর্তী সিকুয়্যাল তৈরির জন্য এরইমধ্যে পরিচালক জন ফ্যাবরেও’র সঙ্গে কাজ শুরু করেছে ডিজনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটি নিশ্চিত করেছে। এদিকে ভারতে ব্যাপক সাফল্যের পর ‘জাঙ্গল বুক’ ছবিটি শুক্রবার যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টারের খবরে বলা হয়, এরইমধ্যে ‘জাঙ্গল বুক-টু’ নিয়ে কাজ শুরু হয়েছে। ছবির চিত্রনাট্য রচয়িতা জাস্টিন মার্কসের সঙ্গে ফলোআপ নিয়ে আলোচনা চলছে।
রুডইয়ার্ড কিপলিং এর গল্প অবলম্বনে মোগলি চরিত্রকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘দ্য জাঙ্গল বুক’ ছবির কাহিনী। ভারতের জঙ্গলে নেকড়েদের সঙ্গে বেড়ে ওঠা মানবশিশু মোগলি- যে কিনা পরে জঙ্গলের অন্য প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব হয়। ডিজনির ব্যানারে এর আগেও মোগলিকে দেখা গিয়েছে সেলুলয়েডে, তবে অ্যানিমেশনের মোড়কে। ১৯৬৭ সালে প্রথম অ্যানিমেশনটি প্রকাশ করে ডিজনি। তবে নতুন ছবিটি লাইভ-অ্যাকশন ধাঁচের।
গত সপ্তাহে ভারতে ছবিটি মুক্তি পাওয়ার পর এরইমধ্যে ব্যাপক সাফল্য কুড়িয়েছে। চারটি আলাদা আলাদা ভাষায় ভারতে মুক্তি পেয়েছে ছবিটি। হিন্দি 'জাঙ্গল বুক'-এ শোনা গেছে ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া, নানা পাটেকর, শেফালি শাহ ও ওম পুরির মতো তারকাদের কণ্ঠ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/এফইউ/এমএম/



