রিয়েলিটি শো ‘লক আপ ২’-এ অংশ নিয়ে একাধিক বিতর্কের জন্ম দিয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা। প্রতিযোগীদের সঙ্গে বাকবিতণ্ডার সময় তার অশালীন ভাষা ব্যবহারের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নানা সমালোচনা হলেও স্ত্রীকে নিয়েই পাশে দাঁড়িয়েছেন গোবিন্দ।
সম্প্রতি শোতে অতিথি হিসেবে হাজির হয়ে গোবিন্দ জানান, অনেকেই তাকে সুনীতার অশালীন ভাষা ব্যবহারের ভিডিও পাঠিয়েছিলেন। তবে সেগুলো দেখে তিনি বিচলিত হননি।
গোবিন্দ বলেন, “অনেকেই আমাকে ভিডিওগুলো পাঠিয়েছিল। আমি বলেছি, কোনো সমস্যা নেই। এত বছর ধরে সংসার করছি, এসব সামলাতে শিখেছি।”
অভিনেতার এই মন্তব্যে স্পষ্ট, স্ত্রীর আচরণ নিয়ে প্রকাশ্যে কোনো বিতর্কে জড়াতে চান না তিনি। বরং দীর্ঘ দাম্পত্য জীবনের অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন।
উল্লেখ্য, ‘লক আপ ২’-এ অংশ নেওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন সুনীতা আহুজা। কখনও নিজের দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা মন্তব্য, আবার কখনও প্রতিযোগীদের সঙ্গে তর্ক-বিতর্কের সময় অশালীন ভাষা ব্যবহারের কারণে সমালোচনার মুখে পড়েন তিনি।
পরে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় শোটি থেকে সরে দাঁড়ান সুনীতা। বিদায়ের সময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্ত্রীকে সমর্থন জানান গোবিন্দ।





