বিশ্বকাপের আবহে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের মাতিয়ে এবার কি দেশের মঞ্চে ফিরছেন বাংলাদেশি ডিজে ও সংগীতশিল্পী সানজয়? ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফ্যান ফেস্টের মঞ্চে আলো ছড়ানো এই শিল্পীর ঢাকায় পারফর্ম করার খবর ঘিরে তৈরি হয়েছে আগ্রহ ও উচ্ছ্বাস।
সম্প্রতি ফিফা ফ্যান ফেস্টে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন সানজয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মায়ামি, আটলান্টা ও হিউস্টনের ফ্যান ফেস্টে লাইভ পারফর্ম করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার দেশের দর্শকদের সামনে তার পারফরম্যান্সের খবর ছড়িয়েছে।
তবে সানজয়ের ঢাকায় আসার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে পারেনি বাংলা ট্রিবিউন। এ বিষয়ে নিশ্চিত হতে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি ঢাকায় অনুপম রায়ের কনসার্ট আয়োজনেও ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। শেষমুহূর্তে নিরাপত্তাজনিত কারণে সরকারিভাবে স্থগিত করা হয় অনুপম রায়ের কনসার্ট।
ট্রিপল টাইম কমিউনিকেশনসের ফেসবুক পেজে প্রকাশিত প্রচারণায় দেখা গেছে, আগামী ১৯ জুলাই রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিতব্য ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এ পারফর্ম করবেন সানজয়।
বিষয়টি জানতে ফোনকল বা ক্ষুদে বার্তা কোনটিতেই সাড়া দেননি সানজয়।
বিশ্বকাপের আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার পর দেশের মাটিতে সানজয়ের এই সম্ভাব্য পারফরম্যান্স ঘিরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। তবে একই সঙ্গে প্রশ্ন উঠছে, বিশ্বজুড়ে দর্শকদের মাতানো এই শিল্পীর পারফরম্যান্স উপভোগের জন্য ভেন্যুটি কতটা প্রস্তুত?
তুলনামূলক ছোট পরিসরের কামাল আতাতুর্ক পার্কে সানজয়ের পরিবেশনা হলে দর্শক ধারণক্ষমতা একটি বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকে। ফলে সরাসরি মঞ্চে তার পারফরম্যান্স দেখার সুযোগ কতজন পাবেন, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।
ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্ট থেকে দেশের মঞ্চে—সানজয়ের এই যাত্রা সত্যি হলে, তা দেশের সংগীতপ্রেমীদের জন্য হতে যাচ্ছে বিশেষ এক মুহূর্ত।
বাংলাদেশের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সানজয় পরবর্তীতে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠেন। বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইডিএম (ইলেকট্রনিক ডান্স মিউজিক) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন তিনি। ইলেকট্রনিক ও ফিউশন ঘরানার সংগীতে তার কাজ ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেয়েছে।
যুক্তরাষ্ট্র ও ভারতের সংগীতাঙ্গনে, বিশেষ করে বলিউড এবং আরবান পাঞ্জাবি মিউজিক ঘরানায় দারুণ পরিচিতি তৈরি করেছেন সানজয়। তার প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, আমেরিকান আইডলের শিল্পী এলিয়ট ইয়ামিন, ট্রেভর হোমস ও অ্যাশ কিংসহ আরও অনেকে।
সংগীত ক্যারিয়ারে বলিউডের সঙ্গেও নিয়মিত কাজ করেছেন সানজয়। একাধিক জনপ্রিয় হিন্দি গানের সংগীত প্রযোজনা ও অ্যারেঞ্জমেন্টে যুক্ত থাকার মাধ্যমে তিনি বলিউডের সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন। সমসাময়িক হিন্দি ও ফিউশন সংগীতের বিভিন্ন প্রজেক্টে কাজ করে আন্তর্জাতিক শ্রোতাদের কাছেও পরিচিতি পেয়েছেন এই বাংলাদেশি শিল্পী।





