সম্পর্ক, ভালোবাসা এবং জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মা। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে বড় প্রভাব ফেলেছে কাশ্মীরের এক মুসলিম বন্ধুর দেওয়া একটি পরামর্শ, যা তিনি কোরআনের শিক্ষা থেকে জেনেছেন।
সুনন্দা বলেন, তার বন্ধু ফয়জল একদিন তাকে বলেছিলেন, কোরআনে উল্লেখ রয়েছে—ভালো নারীদের জন্য ভালো পুরুষ এবং ভালো পুরুষদের জন্য ভালো নারী নির্ধারিত। কথাটি শোনার পর তিনি বিষয়টি নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেন।
গায়িকার ভাষ্য, “আমার এক বন্ধু আছে, কাশ্মীরে থাকে। ওর নাম ফয়জল। ও আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিল। ও বলেছিল, আল্লাহ কোরআনে বলেছেন—ভালো নারীদের জন্য ভালো পুরুষই তৈরি করা হয়েছে। আর ভালো নারীরা সব সময় ভালো পুরুষই পান। যার মধ্যে খারাপ স্বভাব থাকে, সে তেমন স্বভাবের মানুষকেই জীবনে পায়।”
তবে নিজের বক্তব্য ব্যাখ্যা করতেও ভোলেননি সুনন্দা। তিনি বলেন, ‘খারাপ নারী’ বলতে তিনি কোনো নারীর চরিত্র বোঝাননি। বরং মানুষের নেতিবাচক স্বভাব বা আচরণের কথাই বলেছেন।
তার ভাষায়, “ধরুন, আমার মধ্যে যদি মানুষকে প্রতারণা করার মতো কোনো খারাপ স্বভাব থাকে, তাহলে অজান্তেই আমি তেমন স্বভাবের একজন মানুষের প্রতিই আকৃষ্ট হব। যার মন পরিষ্কার, তাকে আমি আকর্ষণ করতে পারব না। শেষ পর্যন্ত মানুষ এমন একজনের সঙ্গেই মিলিত হয়, যে অনেকটাই তার নিজের মতো।”
সুনন্দার এই মন্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। কেউ এটিকে সম্পর্কের গভীর দর্শন হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, বাস্তব জীবনে এমন সমীকরণ সব সময় মিলে না। তবে গায়িকার বক্তব্যে স্পষ্ট, তিনি মানুষের স্বভাব ও মানসিকতার মিলকেই একটি সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখেন।




