বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখার্জি বিভিন্ন বিষয়ে নিজের অকপট মতামত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে থাকেন। এবার বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
তানিশার মতে, এমন নারীরা নারীবাদী নন; বরং তারা ‘নারীবিরোধী’। এমনকি বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের ‘অশুভ’ বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি নিজের এক্স অ্যাকাউন্টে তানিশা লেখেন, ‘আমার মতামত—বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন। বরং তারা নারীবিরোধী! কারণ অন্যের স্বামীর সঙ্গে সম্পর্কে থাকা মানে সেই স্ত্রীকে অসম্মান করা। এ ক্ষেত্রে পুরুষটিও সমানভাবে দায়ী। তার চরিত্রে ঘাটতি রয়েছে! আর যেসব নারী বিবাহিত পুরুষের পেছনে ছুটে বেড়ান, তারা নিছকই অশুভ! তাদের আমাদের সন্তানদের আদর্শ হওয়া উচিত নয়!’
তানিশার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। একজন মন্তব্য করেন, ‘সম্পূর্ণ সঠিক, দুজনই সমানভাবে দায়ী।’ আরেকজন লেখেন, ‘অবশ্যই। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কারও সংসার ভাঙে, লিঙ্গনির্বিশেষে তার সমালোচনা হওয়া উচিত।’
এর আগে গত বছর ‘মেল ফেমিনিস্ট পডকাস্ট’-এ নারীবাদ নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন তানিশা। ভারতীয় সংস্কৃতিতে নারীদের প্রতি সম্মানের বিষয়টি তুলে ধরে তিনি বলেছিলেন, ‘আমাদের কিছু সমস্যা আছে। কিন্তু এর কারণে আমাদের সংস্কৃতিতে নারীরা সম্মান পান না—এটা নয়। হিন্দুধর্মে নারীদের প্রতি সম্মান রয়েছে, যা নারী ও পুরুষ উভয়ের মধ্যেই গভীরভাবে প্রমানিত। তবে ব্রিটিশদের কারণে আমাদের সংস্কৃতির অবনতি হয়েছে। অতিরিক্ত জনসংখ্যার কারণেও আমাদের সমাজের অবনতি হয়েছে। অপরাধ সংস্কৃতির কারণে নয়, অতিরিক্ত জনসংখ্যার ফল।’
তিনি আরও বলেছিলেন, ‘ভগবান কৃষ্ণ কখনও রাধাকে অসম্মান করেননি, ভগবান শিব কখনও মা পার্বতীকে অসম্মান করেননি। তাই আমাদের সংস্কৃতিতে এমন বিষয় নেই। আমরা নারীদের জন্য অত্যন্ত স্বাধীন ও শক্তিশালী একটি দেশ।’
তনুজার মেয়ে তানিশা মুখার্জি ২০০৩ সালে বলিউডে অভিষেক করেন। ২০১৩ সালে ‘বিগ বস ৭’-এ প্রথম রানারআপ হয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। ওই সময় অভিনেতা আরমান কোহলির সঙ্গে তার সম্পর্কও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
তানিশাকে সর্বশেষ ২০২৪ সালের ‘লভ ইউ শঙ্কর’ সিনেমায় দেখা গেছে।

নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন



