দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই সুখবর দিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। মা হতে চলেছেন সোহিনী। তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। অর্থাৎ, দুই থেকে তিন হতে চলেছেন তারকা দম্পতি।
বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান সোহিনী ও শোভন। ছবিতে সাদা কুর্তি ও খোলা চুলে দেখা গেছে সোহিনীকে। তাঁর স্ফীতোদরও স্পষ্ট। অন্যদিকে, শোভনের পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি।
ছবিগুলো শেয়ার করে তাঁরা লিখেছেন, ‘তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।’
২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেন সোহিনী ও শোভন। বিয়ের বিষয়টি গোপনই রেখেছিলেন তাঁরা। ঘরোয়া আয়োজনে বিয়ের পর সোহিনী লিখেছিলেন, ‘আগলে রাখব, যত্নে থাকব।’
চলতি বছরের জুনে সোহিনী ও শোভনের সন্তান আসার খবর ছড়িয়ে পড়েছিল। তবে সে সময় এ বিষয়ে মুখ খোলেননি তাঁরা। সূত্রের বরাতে জানা গিয়েছিল, চলতি বছরই তাঁদের সন্তান জন্ম নেবে।
সম্প্রতি ‘ফেরা’ ছবিতে দেখা গেছে সোহিনীকে। তবে ইদানীং ক্যামেরা থেকে কিছুটা দূরে রয়েছেন অভিনেত্রী। এর পর থেকেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়।
সুখবর প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছায় ভাসছেন সোহিনী ও শোভন। বিনোদনজগতের অনেক তারকাও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। অলিভিয়া সরকার লিখেছেন, ‘আমি আনন্দে চিৎকার করছি। তোমাদের দু’জনকেই অনেক ভালবাসা।’ সুশ্মিতা চট্টোপাধ্যায় লিখেছেন, ‘অনেক ভালবাসা, দিদি।’ মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা রায়সহ আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তারকা দম্পতিকে।




