গত শুক্রবার মুক্তি পায় শাকিব-জয়া-ইমন অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-টু’। মাত্র ৫০-এর ঘরে ছিল ছবিটির মুক্তির সংখ্যা।
শীর্ষ নায়ক শাকিব অভিনীত এ ছবির চেয়ে বেশ এগিয়ে ছিল বাপ্পি-মাহি-ডিপজল অভিনীত ‘অনেক দামে কেনা’। ১০০টির বেশি হলে মুক্তি পায় এটি।
তাই চলচ্চিত্র বোদ্ধাদের অনেকের কাছে বিষয়টি বেশ ব্যতিক্রমী মনে হয়েছে।
কিন্তু দ্বিতীয় সপ্তাহে ভোজবাজির মতো পাল্টে গেছে চিত্র। চলতি সপ্তাহে শাকিবের এ ছবিটি দেখানো হবে ১০৭টি প্রেক্ষাগৃহে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-টু’ কৃর্তপক্ষ।
ছবির কাহিনিকার রুম্মান রশীদ খান বলেন, ‘এটা দর্শকদের কারণে সম্ভব হয়েছে। তাই আমাদের দল দ্বিতীয় সপ্তাহেও দর্শকদের সঙ্গে সিনেমা হলে গিয়ে ছবি দেখবে। আজও (শুক্রবার) আমরা প্রেক্ষাগৃহে যাব।’
সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-টু’ ছবিটিতে শাকিব খান ও জয়া আহসানের প্রেমের গল্প নিয়েই গড়ে উঠেছে। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস মুভিজ।
প্রথম ছবির মতো এবারও কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। আর নতুন প্রেমকাহিনিতে শাকিব খান তার অভিনয় জীবনে প্রথমবারের মত ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে এবারও আছেন জয়া আহসান। যিনি এতে আছেন সেরা মডেল চরিত্রে। জয়ার বিপরীতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইমন। এছাড়াও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, ওমর সানী, সাদেক বাচ্চু, শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল, বীর জাদা, গুলশান আরা, ফারদিন মাহিসহ আরো অনেকে।
/এম/



