রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা

বিনোদন ডেস্ক 
২৩ আগস্ট ২০২৬, ২৩:৫৯আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ২৩:৫৯

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার অজিত কুমারের মোটরস্পোর্টের প্রতি প্রীতির কথা তার অনুরাগীদের অজানা নয়। পেশাদার মোটর রেসিংয়ে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া এই অভিনেতা এবার ইউরোপে একটি এন্ডুরেন্স রেসিং প্রতিযোগিতায় দুর্ঘটনার শিকার হয়েছেন। তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা দিলেও অজিত অক্ষত রয়েছেন। গুরুতর কোনো আঘাত পাননি তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে এন্ডুরেন্স রেসিং চ্যাম্পিয়নশিপের একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এশিয়ান লে মানস সিরিজ ও মিশেলিন লে মানস কাপের মতো প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

ফিল্মিবিটের প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানিয়েছে, প্রতিযোগিতার সময় অজিতের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা দেয়। চাকার সমস্যাসহ বিভিন্ন কারিগরি জটিলতার কারণে রেসটি আরও কঠিন হয়ে ওঠে। তবে সংঘর্ষের পরও অজিত নিরাপদ ছিলেন এবং গুরুতর কোনো আঘাত পাননি।

রেসিং ট্র্যাকে অজিতের এটাই প্রথম দুর্ঘটনা নয়। ২০২৫ সালে ইতালিতে জিটি৪ ইউরোপিয়ান সিরিজে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। সেবারও কোনো আঘাত ছাড়াই গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি।

একই বছরের শুরুতে স্পেনের ভ্যালেন্সিয়ায় পোর্শে স্প্রিন্ট চ্যালেঞ্জে তার গাড়ি দুবার উল্টে যায়। সেই দুর্ঘটনা থেকেও অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন অভিনেতা। এর আগে ২৪এইচ দুবাই এন্ডুরেন্স রেসের অনুশীলনের সময়ও তার পোর্শে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল।

আন্তর্জাতিক পর্যায়ে মোটরস্পোর্টে অংশ নেওয়া অল্প কয়েকজন ভারতীয় অভিনেতার একজন অজিত। ২০০৩ সালে ফর্মুলা এশিয়া বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপে অংশ নেন তিনি। এরপর ক্রেভেন্টিক ২৪এইচ সিরিজ ও জিটি৪ ইউরোপিয়ান সিরিজসহ বিভিন্ন প্রতিযোগিতায় রেস করেছেন।

গত বছর দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দুর্ঘটনার পর নিজের প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলেছিলেন অজিত। তিনি জানিয়েছিলেন, দুর্ঘটনার পর প্রথমেই তিনি বোঝার চেষ্টা করেন, তিনি নিজে আহত হয়েছেন কি না। এরপর গাড়ির অবস্থা এবং আবার রেস শুরু করা সম্ভব কি না, তা দেখেন।

সবকিছু ঠিক আছে নিশ্চিত হওয়ার পর তার একমাত্র চিন্তা থাকে রেস শেষ করা এবং ডিএনএফ, অর্থাৎ রেস শেষ করতে না পারাটা এড়ানো। তার লক্ষ্য থাকে রেসটি শেষ করা। রেসিংয়ের ঝুঁকির কারণে তার পরিবারও উদ্বিগ্ন হয় বলে জানিয়েছিলেন অজিত। তবে তার মতে, অন্য চালকদেরও ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তিনি অভিনেতা বলেই তার দুর্ঘটনাগুলো বেশি সংবাদে আসে।

অভিনয়ের ক্ষেত্রে অজিত কুমারকে পরবর্তী সময়ে ‘ডেয়ারডেভিল’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করবেন অধিক রবিচন্দ্রন।

/ইউএস/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
অভিনয়ে ফিরছেন মেগান?
অভিনয়ে ফিরছেন মেগান?
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি