দীর্ঘ দুই দশক পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়। ২০০৭ সালে ‘লাগা চুনারি মে দাগ’ ছবিতে একসঙ্গে অভিনয়ের পর আর তাদের জুটি হিসেবে দেখা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ নতুন করে দেখা যাবে এই জুটিকে।
বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল, সিনেমাটিতে সুহানা খানের মায়ের ভূমিকায় ক্যামিও চরিত্রে দেখা যাবে রানিকে। তবে এক সর্বভারতীয় বিনোদন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামিও নয়, অভিষেকের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রেই থাকছেন রানি।
এদিকে সিনেমাটিতে অভিষেককে খল চরিত্রে দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
‘কাভি আলবিদা না কহেনা’, ‘বাস এতনা সা খোয়াব হ্যায়’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত জুটি হয়ে উঠেছিলেন অভিষেক ও রানি। দীর্ঘ বিরতির পর ‘কিং’-এ নতুন মোড়কে ফিরছে তাদের সেই রসায়ন।
পুরোনো এই জুটির প্রত্যাবর্তন পর্দায় কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।





