শনিবার (২৪ অক্টোবর) ছিল ঢালিউড নায়িকা পরীমণির জন্মদিন। এদিন সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজন করেন তিনি।
একই সঙ্গে নতুন সিনেমার খবরও দেন অভিনেত্রী। তার নতুন সিনেমা ‘ফারজানা’। এটি পরিচালনা করছেন তারেক রহমান।
এ সময় সিনেমাটির কাজের অগ্রগতি জানিয়ে পরীমনি বলেন, ‘আমরা ছয় মাস আগেই লুক ঠিক করেছি। কাজ করতে যাওয়ার সময় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। সিনেমাটির শুটিং চলছে। কিছু কাজ বাকি আছে। বাকি কাজ শেষ করে জানাবো।’
অনুষ্ঠানে পরিচালক তারেক রহমান সিনেমাটি নিয়ে তার আশাবাদের কথা শোনালেন। তিনি বললেন, ‘আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। পরীমনির চরিত্রটি স্ট্রাগলিং একজন নারীর। আশা করি, জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমনিকে আবিষ্কার করবেন।’
২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির। ক্যারিয়ারের শুরুতেই একসঙ্গে প্রায় দুই ডজন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। যদিও সেসব সিনেমার অনেকগুলো শেষ পর্যন্ত নির্মিত হয়নি, কিছু নির্মিত হলেও মুক্তি পায়নি।
গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ও চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’তে অভিনয়ের মধ্য দিয়ে বেশ প্রশংসা কুড়ান পরীমণি।