বলিউড খুব নাকি আজব একটি জায়গা! সত্যি? এবার হয়তো ‘হ্যাঁ’ সূচক মাথা ঝাঁকুনি দিতেই হবে। সময়ের সঙ্গে সঙ্গে তারকাদের সম্পর্কের সমীকরণটাই হতো এক্ষেত্রে বাড়তি উৎসাহ জোগাবে।
সম্পর্কের পালাবদলের সে ধারাবাহিকতায় এবার যোগ হলো নতুন নাম। শোনা যাচ্ছে বলিউড তারকা রণবীর কাপুর ও কঙ্গনা রনৌত একে অপরের বেশ ভালো বন্ধু হয়ে উঠেছেন! আর এ সম্পর্ক নাকি গভীর থেকে আরও অতল হচ্ছে!
বলিউডের এ দুই তারকাই যখন যার যার প্রেমের উত্থান-পতন নিয়ে খবরের শিরোনাম হচ্ছেন সে সময়ই এলো তাদের বন্ধুত্বের খবর।
স্পটবয়ই.কম এর খবরে বলা হয়েছে, কঙ্গনা নাকি রণবীরের মাঝে নিজের সেরা বন্ধুকে খুঁজে পেয়েছেন।
সম্প্রতি এ দুই তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুর আয়োজিত এক পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখানে নাকি কঙ্গনা রণবীরের খোঁজখবর করছিলেন। তার সঙ্গে আনন্দিত ছিলেন তিনি। কেবল তাই নয়, ২৯ বছর বয়সী কঙ্গনা সঞ্জয় দত্তের জীবনকাহিনি নিয়ে নির্মিত হতে যাওয়া ছবিতে মান্যতা চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন।
রাজু হিরানি নির্মিত ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করছেন রণবীর। এর আগে অবশ্য কঙ্গনার ‘কুইন’ ছবি দেখার পর তার প্রশংসা করে এ বলিউড অভিনেত্রীর সঙ্গে ছবিতে অভিনয় করার আগ্রহ জানিয়েছিলেন তিনিও।
স্পটবয় এর খবরে বলা হয়, সঞ্জয়ের জীবনকাহিনিনির্ভর ছবিটিতে অভিনয়ের জন্য কঙ্গনা রাজু হিরানিকে খুশি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাঝে মাঝেই নাকি তিনি রাজুর জন্য কেক, ক্যান্ডিসহ বিভিন্ন উপহার পাঠিয়ে দিচ্ছেন!
/এফইউ/এম/



