ফারহান আখতারের পরিচালনায় তৈরি কালজয়ী ছবি ‘দিল চাহতা হ্যায়’ ২৫ বছর পূর্ণ করেছে। সম্প্রতি ছবির রজতজয়ন্তী উপলক্ষে একত্রিত হয়েছিলেন ছবির নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা।
সেই আড্ডায় ছবির শুটিংয়ের নানা অজানা স্মৃতি ফিরে দেখেন আমির খান, সাইফ আলি খান, অক্ষয় খান্না ও পরিচালক ফারহান আখতার।
স্মৃতিচারণ করতে গিয়ে উঠে আসে ছবির অন্যতম আলোচিত দৃশ্য, যেখানে অক্ষয় খান্নার অভিনীত সিদ্ধার্থ ওরফে সিড চড় মেরেছিলেন আমির খানের অভিনীত আকাশকে। উত্তেজনায় ভরা সেই দৃশ্যের শুটিংয়ে যে আমিরকে সত্যিই চড় খেতে হয়েছিল, তা জানালেন ফারহান।
ফারহান জানান, সাধারণত সিনেমার শুটিংয়ে অভিনেতাদের মারধরের দৃশ্য ক্যামেরার কৌশল বা নকল অ্যাকশনের মাধ্যমে করা হয়। কিন্তু ‘দিল চাহতা হ্যায়’এর ওই দৃশ্যে অধিকাংশ চড়ই ছিল সত্যিকারের।
আমির জানান, বিভিন্ন অ্যাঙ্গেল ও শটের জন্য মোট ১৭ বার চড়ের দৃশ্যটি শুট করা হয়েছিল। ফারহান বলেন, ‘ওগুলো সবই সত্যিকারের চড় ছিল।’
আপনার পছন্দ হতে পারে এমন গল্প
পরিচালক প্রথমে শুধু ওয়াইড অ্যাঙ্গেল শটের জন্য সত্যিকারের চড় চেয়েছিলেন। কিন্তু দৃশ্যটির আবেগ এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে আমির নিজেই বাকি শটগুলিতেও অক্ষয়কে সত্যিকারের চড় মারতে বলেন।
ফারহানের কথায়, প্রথমে তিনি আমিরকে চড় খাওয়ার জন্য প্রস্তুত করেছিলেন। তবে শেষ মুহূর্তে অক্ষয়কে নির্দেশ দেন, আমির যে মুহূর্তে চড়ের জন্য প্রস্তুত থাকবেন, তার একটু আগেই যেন তাকে চড় মারা হয়। এতে তার মুখে আচমকা বিস্ময়ের অভিব্যক্তি ফুটে উঠবে।
ফারহান আরও জানান, এরপর আমির নিজেই বলেন, ওভার-দ্য-শোল্ডার শটেও যেন অক্ষয় তাকে সত্যিকারের চড় মারেন। কারণ বাস্তব আঘাত তাকে চরিত্রটির মানসিক অবস্থায় আরও গভীরভাবে ঢুকতে সাহায্য করছিল।
আমির বলেন, ‘বাস্তব চড়ের ফলে দৃশ্যটির আবেগ আরও ভালোভাবে ফুটে উঠেছিল।’
ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’-এ আমির খান, সাইফ আলি খান, অক্ষয় খান্নার পাশাপাশি অভিনয় করেছিলেন প্রীতি জিনতা, ডিম্পল কাপাডিয়া, সোনালি কুলকার্নি, রজত কাপুর, আয়ুব খান-সহ আরও অনেকে।

কালোজাদুতে বিপর্যস্ত তুষি!






