জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু চলে গেলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১২টা ৫ মিনিটের দিকে আইসিইউ থেকে প্যালেটিভ কেয়ারে স্থানান্তর করার পর মারা যান তিনি।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু।
পরিবারসূত্রে জানা গেছে, মাতিয়া বানু শুকুর মরদেহ সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত।
পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টায় শহীদ মিনারে নেওয়া হবে। শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে এবং সেখানে বাদ জুমা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দাফনের জন্য তাকে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে নেওয়া হবে। সেখানেই তাকে সমাহিত করা হবে।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী মাতিয়া বানু শুকু দীর্ঘদিন ধরে ক্যান্সার ও কিডনি জটিলতায় ভুগছিলেন।