কার্তিক আরিয়ান শুধুমাত্র বলিউড অভিনেতাই নন, তিনি এখন একজন ইঞ্জিনিয়ারও বটে। শনিবার (১১ জানুয়ারি) অভিনেতা মুম্বাইয়ের ডিওয়াই পাতিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেয়েছেন।
তবে এখানে মজার একটি টুইস্ট আছে! আর সেটি হলো, ইঞ্জিনিয়ানিং-এ ভর্তি হওয়ার পর তার ডিগ্রি পেতে ১০ বছরেরও বেশি সময় লেগেছে।
কার্তিক ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখছেন, ‘ব্যাকবেঞ্চার থেকে সমাবর্তনের মঞ্চে দাঁড়ানো, কী দারুণ এক জার্নি।’
তিনি আরও লিখেছেন, ‘ডিওয়াই পাতিল বিশ্ববিদ্যালয়, আমাকে স্মৃতি, স্বপ্ন এবং অবশেষে আমার ডিগ্রি দিয়েছো (মাত্র এক দশকেরও বেশি সময় লেগেছে!)। এখানে ফিরে আসা ঠিক বাড়িতে ফিরে আসার মতো অনুভূতি!’
ভিডিওতে দেখা যায়, কার্তিককে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানানো হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীরা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। এরপর তিনি মঞ্চে ছাত্র-শিক্ষকদের উদ্দেশে বক্তব্য রাখেন, তাদের সাথে মতবিনিময় করেন।
এসব মিটিয়ে কলেজ থেকে উপহার দেওয়া জ্যাকেট পরে তিনি ‘ভুল ভুলাইয়া ৩’- এর টাইটেল ট্র্যাকের তালে তালে ছাত্রদের সাথে নাচেন।
বলা প্রয়োজন, ২০১১ সালে ‘পেয়ার কা পঞ্চনামা’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথম বলিউডে আসেন। তখন তিনি ইঞ্জিনিয়াং পড়ছিলেন।
উল্লেখ্য, সামনে কার্তিক করণ জোহরের সঙ্গে 'তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি' সিনেমায় কাজ করবেন। এছাড়া, অনুরাগ বসুর আসন্ন সিনেমা 'আশিকি ৩'- তেও তাকে দেখা যাবে।
সূত্র: এনডি টিভি




