দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। গত বছর ‘পারাধা’ সিনেমার প্রচারণার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনাটি কোনও প্রচারণার কৌশল ছিল না বলে জানান নায়িকা।
তার কথায়, সাবেক প্রেমিকের আচরণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সিনেমার প্রচারণার আগে তার সাবেক প্রেমিক তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এ কারণে সংবাদ সম্মেলনের আগে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
ধিয়ান ভার্মার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপমা বলেন, ‘গত দুই বছর ধরে আমি নিজেকে ঠিক আছি বলে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু একবারও আমি ঠিক থাকতে পারিনি।’
এ সময় তিনি আরও বলেন, ‘পারাধা’র প্রচারণামূলক অনুষ্ঠানে আমি লাল চুড়িদার পরে বসেছিলাম। একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করার পর আমি কাঁদতে শুরু করি। পরিস্থিতি যত কঠিনই হোক, মঞ্চে কেঁদে ফেলা আমার স্বভাব নয়। কিন্তু আমাকে এমন কিছু কথা বলা হয়েছিল। যা একজন নারী শুনলে সবচেয়ে বেশি কষ্ট পেতে পারেন।
যে ব্যক্তির আমাকে রক্ষা করার কথা ছিল, সেই ব্যক্তিই আমাকে ভেঙে দিচ্ছিলো।’
অনুপমা জানান, তার কান্নার ঘটনাকে অনেকে সহানুভূতি পাওয়ার কৌশল এবং সিনেমার প্রচারণার অংশ বলে উপহাস করেছিলেন। কিন্তু এর সঙ্গে সিনেমাটির কোনও সম্পর্ক ছিল না।
তিনি বলেন, ‘মানুষ আমাকে নিয়ে উপহাস করেছে। তারা বলেছে, আমি সহানুভূতি পাওয়ার চেষ্টা করছি, কিংবা এটি সিনেমার প্রচারণার অংশ। কিন্তু এর সঙ্গে ‘পারাধা’র কোনও সম্পর্ক ছিল না। এটি ছিল আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া বিষয়।’
সাক্ষাৎকারে অনুপমা কারও নাম বলেননি। তবে অনুরাগীদের অনেকে মনে করছেন, তিনি ধ্রুব বিক্রমের কথাই বলেছেন।
২০২৫ সালে মারি সেলভারাজ পরিচালিত স্পোর্টস ড্রামা ‘বাইসন কালামাডান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অনুপমা ও ধ্রুব বিক্রম। সে সময় তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়।
ভক্তরা তাদের কথিত সম্পর্কের পক্ষে একটি যাচাইহীন ছবি এবং যৌথ স্পটিফাই প্লেলিস্টের কথাও সামনে আনেন। পরে বিভিন্ন পুরস্কার অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি সেই গুঞ্জন আরও বাড়িয়ে দেয়।
সম্প্রতি তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। অনুপমা নিজের বক্তব্যের মাধ্যমে সেই সম্পর্কের ইতি ঘটার বিষয়টি নিশ্চিত করেছেন।

বক্স অফিসে ‘আওয়ারাপন ২’ এর দাপট, ইমরান হাশমির সর্বোচ্চ আয়কারী ছবি







