প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে বলিউড অভিনেতা আলিয়া ভাট ও রণবীর কাপুর মুম্বইয়ের ২০টি স্কুলের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া নিজেই এটি জানান।
পোস্টে অভিনেত্রী বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-কে সমর্থন করে তারা মুম্বইয়ের ২০টি স্কুলকে আরও উন্নত করে তোলার উদ্যোগ নিচ্ছেন। এমনভাবে স্কুলগুলির পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে পড়াশোনা এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য পড়ুয়াদের আরও ভালো সুযোগ-সুবিধা থাকে।
বিএমসির সুপারিশের ভিত্তিতেই এই উদ্যোগ বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন আলিয়া। একই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও সাফল্যে ভরা আগামী বছরের কামনা করেছেন অভিনেত্রী।
কী এই ‘সেবা সংকল্প অভিযান’
‘সেবা সংকল্প অভিযান’ বিজেপির উদ্যোগে আয়োজিত এক মাসব্যাপী কর্মসূচি। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। প্রধানমন্ত্রীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ৯ সেপ্টেম্বর এই কর্মসূচির কথা জানান। এই অভিযানের আওতায় রক্তদান শিবির, স্বচ্ছতা অভিযান, জনসংযোগ কর্মসূচি-সহ একাধিক সামাজিক উদ্যোগ নেওয়া হবে।
আলিয়া-রণবীরের আগামী ছবি
কাজের দিক থেকে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে এক সঙ্গে দেখা যাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় তৈরি এই ছবিতে তাদের সঙ্গে রয়েছেন ভিকি কৌশল। ছবিটি আগামী বছর ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা।
এছাড়াও ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতেও এক সঙ্গে দেখা যাবে আলিয়া ও রণবীরকে। সেই ছবির কাজ বর্তমানে চলছে।

হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’






