বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন আর ‘কৌন বনেগা ক্রোড়পতি’ যেন একে-অপরের সমার্থক হয়ে উঠেছে। বিগ বির লাখ টাকার প্রশ্নোত্তর পর্ব আর জমজমাট গালগল্পের আসর দেখতে মুখিয়ে থাকেন দর্শকমহলও।
এই বয়সেও অক্লান্তভাবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা করে চলেছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সেই রিয়্যালিটি শোয়ের মঞ্চেই পা পিছলে পড়ে আঘাত পেলেন অমিতাভ।
সাধারণত ‘কেবিসি’র মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েই অনুষ্ঠান শুরু করেন অমিতাভ। কিন্তু এদিনের পর্বে তাকে বসে থাকতে দেখা যায়। এরপর তিনি নিজেই বলেন, ‘আজ আমার হাঁটুতে চোট রয়েছে। গতকাল শুটিংয়ের সময় পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছি। তাই দাঁড়িয়ে থাকতে অসুবিধাও হচ্ছে।’
তবে দর্শকমহলকে আশ্বস্ত করে বিগ বি এও জানান যে, ‘চোটটা অতটা গুরুতর নয়। খুব শিগগিরি সুস্থ হয়ে উঠব।’
দীর্ঘ ছয় দশকের বেশি সময়ে ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র আধিপত্য অমিতাভের। বলিউড থেকে দক্ষিণী ছবিতে নিয়মিত অভিনয়ে আজও দর্শককে মুগ্ধ করেন তিনি। সমাজমাধ্যমে যে কোনও বিষয়ে মতপ্রকাশের সঙ্গে পরমার্শদাতা হিসেবেও জুড়ি মেলা ভার। একদিনের কর্মবিরতিতেও বিরক্ত হন বিগ বি। তাই তো চোট পেয়েও ‘কেবিসি’র শুটিং চালিয়ে গিয়েছেন সেদিন।
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা