অমিতাভ বচ্চনের অবসর নেওয়া নিয়ে সম্প্রতি বলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছিল। তবে সেই গুঞ্জন নিজেই উড়িয়ে দিলেন ‘বিগ বি’। একই সঙ্গে তার আগের ব্লগ পোস্টের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করার জন্য সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্টদেরও কটাক্ষ করেছেন তিনি।
নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, `অনেক রাত হয়ে গেছে, ‘এবার অবসর নেওয়ার সময়’ (It’s late, time to retire)। এই কথাকেই অনেকে তার অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার ইঙ্গিত হিসেবে ধরে নেন।
তবে এবার সেই ভুল বোঝাবুঝির পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন ৮৭ বছর বয়সী এই অভিনেতা। তিনি জানান, ‘রিটায়ার’ বলতে তিনি ক্যারিয়ার থেকে অবসর বোঝাননি। বরং রাত হয়ে যাওয়ায় দিনের কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার কথাই বোঝাতে চেয়েছিলেন।
রসিকতার সুরে তিনি বলেন, ‘জি না হুজুর, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না। ইংরেজিতে এর মানে হলো—আমি এখন ঘুমাতে যাচ্ছি। আর সেখানে, মান্যবর, আপনাকে আসার আমন্ত্রণ নেই।’
বর্তমানে অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতি’এর ১৮তম সিজন সঞ্চালনা করছেন। অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন অমিতাভ। তাকে সর্বশেষ ২০২৪ সালের ‘ভেট্টাইয়ান’ ছবিতে রজনীকান্তের সঙ্গে দেখা গেছে। সামনে রয়েছে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি: পার্ট ২’। সেখানে আবারও অশ্বত্থামা চরিত্রে দেখা যাবে তাকে।

তোমাকে দিয়ে কিছু হবে না, চুপচাপ বসে আমার রিলস দেখো: রাখিকে কঙ্গনা






