জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ মুক্তি পেয়েছে। নিউইয়র্কে চিত্রায়িত মিউজিক ভিডিওটি নিয়ে নেটিজেনদের আগ্রহ টিজার প্রকাশের পর থেকেই দেখা যায়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
মিউজিক ভিডিওর শুরুতেই স্পোর্টস বাইকে চড়ে নতুন লুকে উপস্থিত হন এই অভিনেতা। তার সঙ্গে হাজির দেশি-বিদেশি ৬ জন নারী মডেল।
ভিডিওতে কখনও সমুদ্রসৈকতে জাহাজে, আবার কখনও সমুদ্রের তীরঘেঁষা রাস্তায় জায়েদ খানকে বিভিন্ন দৃশ্যে দেখা গেছে। নাচ ও অভিনয়ের পাশাপাশি ভিডিওটির দৃশ্যায়নেও রাখা হয়েছে বৈচিত্র্য।
জায়েদ খান জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওর চিত্রায়ণ করা হয়েছে।
নায়কের ভাষ্য, ‘শিকারী শুধু একটি মিউজিক ভিডিওই নয়, এতে ফিল্মি আবেদন রয়েছে। এটি অবশ্যই আন্তর্জাতিক মানের একটি নির্মাণ হয়েছে।’
বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত এই ভিডিওচিত্রে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন এবং যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।
ভিডিওটির নির্মাণ কাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও কাজ করেছেন। স্টেডিক্যাম অপারেটর হিসেবে ছিলেন এনরিক ক্যামাচো।
‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। এটি লিখেছেন সালাউদ্দিন সাগর। সুর করেছেন জুয়েল দাস।

তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান





