হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর (বুধবার) রাতে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে ঘটে যাওয়া দুর্ঘটনায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ফের আল্লু অর্জুনকে জিজ্ঞাসাবাদ করেছে হায়দরাবাদ পুলিশ। এরপর তার নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) আল্লু অর্জুনের হায়দরাবাদের বাড়িতে আইনি নোটিস দেওয়া হয়। মঙ্গলবার আল্লুকে হায়দরাবাদের চিক্কদপল্লী থানায় হাজিরা দেওয়ার কথা জানায়। নোটিশ অনুযায়ী সেদিন সকালেই থানায় হাজির হন অভিনেতা। সেখানে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসবাদ করা হয় পুষ্পা খ্যাত অভিনেতাকে। তারপরই গ্রেফতার করা হয় অভিনেতার নিরাপত্তারক্ষীকে।
গত ৪ ডিসেম্বর (বুধবার) ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে দর্শকের ভিড় উপচে পড়েছিলো। সেখানেই পদপিষ্ট হয়ে ৩৫ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়। তাই নয়, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তার পুত্রসন্তান। এই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে আল্লুর নিরাপত্তারক্ষীকে। হায়দরাবাদ পুলিশ ধারণা করছে, সেদিন ঘটে যাওয়া ঘটনায় কোনভাবে অভিনেতার নিরাপত্তারক্ষী যুক্ত থাকতে পারেন। অভিনেতার এই নিরাপত্তারক্ষী অ্যান্টনি নাকি অন্য দেহরক্ষীদের জড়ো করেছিলেন। অভিযোগ আছে, ওই দিন প্রেক্ষাগৃহের বাইরে অভিনেতার বেশ কিছু অনুরাগীকে ধাক্কাও দেন অ্যান্টনি। ধারণা করা হচ্ছে, তেলঙ্গানা পুলিশ তাকে ঘটনাস্থলে নিয়ে নতুন করে ঘটনার তদন্ত করবেন।
অভিনেতা এর আগে দাবি করেছিলেন, প্রিমিয়ারের দিন প্রেক্ষাগৃহে উপস্থিত না থাকার জন্য কোন নির্দেশ তার কাছে ছিল না। যদিও পুলিশের তরফ থেকে অভিনেতার এই দাবি নস্যাৎ করে দেওয়া হয়।
উল্লেখ্য, সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমায় পুষ্পা রাজের চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং শ্রীভল্লির চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। সিনেমাটি ৫ ডিসেম্বর মুক্তি পায়। এটি এখনও রমরমিয়ে চলছে সিনেমা হলগুলোতে এবং এরই মধ্যে পেয়েছে ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম ব্যবসাসফল সিনেমার তকমা।
সূত্র: তেলেঙ্গানা ট্রিবিউন




