‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’-খ্যাত কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই

বিনোদন ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ১১:৪০ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৫

হলিউডের বর্ষীয়ান অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ‘স্টার ট্রেক’ সিরিজের জ্যঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্রের প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন তিনি। আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ার সঙ্গে সংক্ষিপ্ত লড়াইয়ের পর মারা গেছেন এই অভিনেতা।

তার দীর্ঘদিনের মুখপাত্র কেলি বুশ নোভাক এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন প্যাট্রিক স্টুয়ার্ট। বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে মৃত্যুর খবর জানানো হয়।

বিবৃতিতে কেলি বুশ নোভাক বলেন, ‘আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ার সঙ্গে সংক্ষিপ্ত ও বেদনাদায়ক লড়াইয়ের পর’ মারা গেছেন অভিনেতা।

প্যাট্রিক স্টুয়ার্টের স্মরণে ফুলের পরিবর্তে জনস হপকিনস আলঝেইমার ডিজিজ রিসার্চ সেন্টার ফান্ড এবং আলঝেইমার্স ফাউন্ডেশন অব আমেরিকার পরিচর্যাকারীদের সহায়তা তহবিলে অনুদান দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মৃত্যুকালে স্ত্রী সংগীতশিল্পী সানি ওজেল এবং প্রথম স্ত্রী অভিনেত্রী শিলা ফ্যালকনারের ঘরে জন্ম নেওয়া দুই সন্তান ড্যানিয়েল ও সোফিয়াকে রেখে গেছেন তিনি।

‘স্টার ট্রেক’ সিরিজের জ্যঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান প্যাট্রিক স্টুয়ার্ট

সহকর্মীদের শ্রদ্ধা

প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সহকর্মী ও ভক্তদের শ্রদ্ধা জানানো শুরু হয়।

‘এক্স-মেন’ চলচ্চিত্রে উলভারিন চরিত্রে অভিনয় করা হলিউড তারকা হিউ জ্যাকম্যান তাকে ‘অসাধারণ বন্ধু ও মানুষ’ হিসেবে স্মরণ করেছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘আজ মঞ্চ ও পর্দার অন্যতম সেরাদের একজনকে হারালাম। আমার কাছে তিনি ছিলেন অসাধারণ বন্ধু। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। প্যাট্রিক স্টুয়ার্ট, জীবনের প্রতিটি দিন আপনাকে মিস করব।’

‘এক্স-মেন’ চলচ্চিত্রের নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিওসও এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, অসাধারণ সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও মানবিকতার সঙ্গে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন স্যার প্যাট্রিক। এক্স-মেন থেকে লোগান, এমনকি অ্যাভেঞ্জার্স: ডুমসডে— প্রজন্মের পর প্রজন্মের দর্শকের কাছে চরিত্রটিকে স্মরণীয় করে তুলেছেন তিনি। তিনি ছিলেন অনন্য প্রতিভার অধিকারী, সহযোগিতাপূর্ণ মনোভাবের মানুষ এবং প্রকৃত ভদ্রলোক।

‘স্টার ট্রেক’-এ ক্যাপ্টেন জেমস টি কার্ক চরিত্রে অভিনয় করা উইলিয়াম শ্যাটনারও সহকর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘কী হৃদয়বিদারক একটি সপ্তাহ! স্যার প্যাট্রিক স্টুয়ার্ট ছিলেন আমার বন্ধু, সহকর্মী এবং অসাধারণ অভিনেতা। মঞ্চ থেকে এন্টারপ্রাইজের সেতু— সব জায়গায় তিনি বুদ্ধিমত্তা, সৌন্দর্য ও গভীর মানবিকতার পরিচয় দিয়েছেন। ক্যাপ্টেন পিকার্ড আমাদের সেরাটির প্রতিনিধিত্ব করতেন, আর যিনি চরিত্রটি ফুটিয়ে তুলেছেন, মানুষ হিসেবেও তিনি তেমনই ছিলেন। তার প্রতি ও তার কাজের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা ছিলো। সানি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাকে গভীরভাবে মিস করা হবে’।

‘এক্স-মেন’ চলচ্চিত্রের প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট

৬০ বছরের অভিনয়জীবন

মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে ছয় দশকের অভিনয়জীবনে অসংখ্য স্বীকৃতি পেয়েছেন প্যাট্রিক স্টুয়ার্ট। এর মধ্যে রয়েছে দুটি লরেন্স অলিভিয়ে পুরস্কার ও একটি গ্র্যামি অ্যাওয়ার্ড। নাট্যশিল্পে অবদানের জন্য ২০১০ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।

মঞ্চনাটকে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ১৯৭১ সালে ‘আ মিডসামার নাইটস ড্রিম’ প্রযোজনায় ব্রডওয়েতে এবং ওয়েস্ট এন্ডে ‘অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা’ নাটকে অভিনয়।

১৯৬৭ সালে ‘করোনেশন স্ট্রিট’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে কাজের সুযোগ পান তিনি। পরে ‘ফল অব ঈগলস’, ‘আই, ক্লডিয়াস’ এবং ‘টিঙ্কার টেইলর সোলজার স্পাই’-এর নাটকে অভিনয় করেন।

প্যাট্রিক স্টুয়ার্টের সর্বশেষ চলচ্চিত্রে উপস্থিতি হবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সূত্র: এপি, রয়টার্স, এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
সেপটিক ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেলো পোশাক শ্রমিকের
সেপটিক ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেলো পোশাক শ্রমিকের
গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: যে কারণে জামিন পেলেন সেই কিশোর
গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: যে কারণে জামিন পেলেন সেই কিশোর
পুলিশ ফাঁড়িতে ১১১টি আঘাতে রায়হানের মৃত্যু: এসআই আকবরের মৃত্যুদণ্ড
পুলিশ ফাঁড়িতে ১১১টি আঘাতে রায়হানের মৃত্যু: এসআই আকবরের মৃত্যুদণ্ড
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু: সুরতহাল প্রতিবেদনে যা বলছে পু‌লিশ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু: সুরতহাল প্রতিবেদনে যা বলছে পু‌লিশ
বিনোদন বিভাগের সর্বশেষ
গানে গানে প্রেম ও বিচ্ছেদের গল্প বলবেন জেনিফার লোপেজ
গানে গানে প্রেম ও বিচ্ছেদের গল্প বলবেন জেনিফার লোপেজ
সালমান শাহ-শাবনূরের পর এবার সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
সালমান শাহ-শাবনূরের পর এবার সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
কোন ব্র্যান্ডের পানি পান করেন দিশা, এক বোতলের দাম কত
কোন ব্র্যান্ডের পানি পান করেন দিশা, এক বোতলের দাম কত
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
প্রেমে কুনজরের ভয়, বিয়ে নিয়ে যা বললেন জাহ্নবী
প্রেমে কুনজরের ভয়, বিয়ে নিয়ে যা বললেন জাহ্নবী