বলিউড ভাইজানের বদমেজাজের কথা চলচ্চিত্রপ্রেমীদের জানা বিষয়। ‘সুলতান’-এর নায়ক সালমান খানের আরেকটি দিক এবার তুলে ধরলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। বারবার ক্ষমা চাওয়ার চেষ্টা করেও সালমানের কাছ থেকে কোনও সাড়া না পেয়ে বাধ্য হয়ে এবার প্রকাশ্যে ফেসবুকে ক্ষমা চাইলেন অরিজিৎ। একই সঙ্গে ওই ফেসবুক পোস্টে ‘সুলতান’ থেকে তার গানটি বাদ না দেওয়ারও অনুরোধ জানিয়েছেন।
অরিজিতের এই পোস্টের মাধ্যমে সামনে আসলো ‘সুলতান’-এর সবকিছু স্বাভাবিকভাবে চলছে না। কোথাও একটা ছন্দপতন হয়েছে। সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন অরিজিৎও। ফলে ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্টটি দেওয়ার পরও সালমানের ভক্তদের ক্ষোভের মুখে পড়ার ভয়ে তা সরিয়ে নিয়েছেন তিনি।
জানা গেছে, মাসখানেক আগে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে অরিজিৎ সেরা গায়কের সম্মাননা গ্রহণ করেন। ওই অনুষ্ঠানে সালমান অরিজিতের গাওয়া 'তুম হি হো' গানটি নিয়ে মজা করেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় অরিজিৎ নাকি বলেছিলেন, সালমান ও রিতেশের অনুষ্ঠান সঞ্চালনায় তা ঘুম পেয়ে গেছে!
এ ঘটনার জের ধরে সুলতান চলচ্চিত্রে গাওয়া অরিজিতের গানটি নাকি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালমান।
সালমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে সরিয়ে নেওয়া ফেসবুক পোস্টে যা লিখেছিলেন অরিজৎ সিং:
প্রিয় জনাব সালমন খান,
এটাই হলো শেষ উপায়, যার মাধ্যমে আমি আপনার সঙ্গে কথা বলতে পারি। আমি আপনাকে বহুবার ফোন করার, মেসেজ পাঠানোর চেষ্টা করেছি। আপনাকে বার বার বোঝাতে চেয়েছি যে, আমি আপনাকে কোনওভাবেই অপমান করিনি। আপনি আমায় ভুল বুঝছেন। সেই রাতের শো চলাকালীন সময়টা একেবারে ভুল ছিল, পরিবেশটাও ঠিকঠাক ছিল না।
সে যাই হোক আপনি অপমানিত বোধ করেছেন।
এবং তা আমি বুঝতে পেরেছি। আমি ভীষণভাবে দুঃখিত। আমি ও আমার পরিবার বহুকাল আগে থেকেই আপনার ভক্ত। আমি বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আপনি বুঝতে পারেননি। আপনি ভালোভাবে জানেন যে, আমি কতবার ‘সরি’ লিখে আপনাকে মেসেজ পাঠিয়েছি।
নীতাজি’র(নীতা আম্বানি) বাড়িতে শুধু আপনার কাছ থেকে ক্ষমা চাইতেই গিয়েছিলাম। কিন্তু আপনি তা বুঝতেও পারলেন না।
কোনও ব্যাপার না। আমি এখন সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার অনুরোধ।
প্লিজ, ‘সুলতান’-এ যে গানটি আমি আপনার জন্য গেয়েছি, তা ছবি থেকে বাদ দেবেন না। আপনি অন্য কাউকে দিয়ে ওই গানটি গাওয়াতে চান। ঠিক আছে, কিন্ত আমার গাওয়া গানটার অন্তত একটা সংস্করণ ছবিতে রাখুন। আমি অনেক গান গেয়েছি কিন্তু আপনার জন্য অন্তত একটা গান আমি গাইতে চাই।
আমি জানি না এই কাজ কেন আমি করলাম!
আমি এর ভবিষ্যৎ জানি এরপর মানুষ তাদের মন ও হৃদয়ের কথাই লিখবে।
আমি জানি সালমন খান এই বিষয়ে খুব একটা পাত্তা দেবেন না।
কিন্তু আমি সারাজীবন আপনার ভক্ত থাকব ভাইজান।
শুভেচ্ছা
অরিজিৎ সিং
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/এমএম/



